
১৭ মে অরুণ জেটলির বিরুদ্ধে আদালতে অবমাননাকর মন্তব্য করেন জেঠমালানি
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পরামর্শদাতা ও আইনজীবীর দায়িত্ব আর নিতে চান না রাম জেঠমালানি। কেজরিওয়ালের বিরুদ্ধে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি যে মানহানির মামলা করেছিলেন, তাতেই কেজরিওয়ালের হয়ে লড়ছিলেন জেঠমালানি। ১৭ মে অরুণ জেটলির বিরুদ্ধে আদালতে অবমাননাকর মন্তব্য করেন তিনি। জেটলি তাঁকে জিজ্ঞেস করেন, কেজরিওয়ালের নির্দেশেই এই ভাষা ব্যবহার করা হল কিনা। উত্তরে জেঠমালানি বলেন, কেজরিওয়ালের কথাতেই সব করছেন তিনি।
সেদিনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কেজরিওয়াল বলেন, এমন ভাষা তিনি কখনওই ব্যবহার করতে বলেননি জেঠমালানিকে। এর উত্তরে জেঠমালানি কেজরিওয়ালকে চিঠি লিখে অভিযোগ জানান যে, সেদিন আদালতে তিনি জেটলির সম্পর্কে যে মন্তব্য করেছেন, তার থেকেও কুরুচিকর ও অশালীন মন্তব্য কেজরিওয়াল করেছেন জেঠমালানির সঙ্গে ব্যক্তিগত আলোচনার সময়ে।
পাশাপাশি জেঠমালানি এও জানিয়ে দেন, তিনি কেজরিওয়ালের হয়ে মামলা লড়তে রাজি নন আর। পাওনা ২ কোটি টাকা কেজরিওয়ালকে অবিলম্বে মিটিয়ে দিতে বলেছেন তিনি।
