
লিংকে ক্লিক করে জানুন আজ কোথায় কী
আজ প্রদান করা হবে ‘কারিগর সাহিত্য সম্মান’। সাহানা বাজপেয়ী এবং সামন্তক সিনহার যৌথ সংগীতানুষ্ঠান রয়েছে সন্ধেবেলা। কবীর সুমন পরিবেশন করবেন বাংলা খেয়াল। পশ্চিমবঙ্গ জুড়ে আজ বেশ কয়েকটি নাটক মঞ্চস্থ হবে। আজ কোথায় কী, চলুন দেখে নেওয়া যাক –

• বেশ কিছু যুগান্তকারী বই উপহার দিয়ে প্রকাশনার জগতে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে ‘কারিগর’। প্রতি বছর ‘কারিগর সাহিত্য সম্মান’ প্রদান করা হয় এই প্রকাশনা সংস্থার পক্ষ থেকে। আজ সন্ধে সাড়ে ৬টা থেকে শিশির মঞ্চে তারই অনুষ্ঠান। সম্মান গ্রহণ করবেন বিশিষ্ট সাহিত্যিক সুধীর চক্রবর্তী এবং খ্যাতনামা প্রাবন্ধিক বারিদবরণ ঘোষ। নতুন প্রতিভার স্বীকৃতি হিসেবে ‘সাহিত্য কৃতি সম্মান’ পাবেন কবি, মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। হাজির থাকবেন পবিত্র সরকার, প্রসাদরঞ্জন রায়, স্বপ্নময় চক্রবর্তী, দেবাশিস কুমার প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য এবং রাগপ্রধান গাইবেন নীলাঞ্জনা বাগচী।

• আজ সাহানা বাজপেয়ী এবং সামন্তক সিনহার যৌথ সংগীতানুষ্ঠান রয়েছে সন্ধে সাড়ে ৬টা থেকে গড়িয়াহাট রোডের ফার্স্ট ফ্লাসে। টিকিটের মূল্য ৪০০ টাকা।

• পার্ক স্ট্রিটে অক্সফোর্ড বুক স্টোরে আজ সন্ধেয় প্রকাশিত হবে প্রবাল দাশগুপ্তের বই ‘Watershed 1967’। সিকিম সীমান্তে ১৯৬৭ সালে ভারত-চিন সংঘর্ষের কাহিনি বিস্তারিতভাবে রয়েছে এই বইতে। লেখকের বিস্তারিত গবেষণা এবং সেই যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনা অফিসারদের তথা অন্যান্য সৈনিকদের সাক্ষাৎকার বইটিকে সমৃদ্ধ করেছে।

• কবীর সুমনের বাংলা খেয়ালের অনুষ্ঠান আজ রয়েছে জিডি বিড়লা সভাঘরে, সন্ধে ৬টা থেকে। সঙ্গে তবলায় সমীর চ্যাটার্জি, সেতারে মিতা নাগ, হারমোনিয়ামে অনির্বাণ চক্রবর্তী এবং গিটারে আলেকজান্ডার নেলর। টিকিট মিলছে বুক মাই শো এবং রাসবিহারীর মেলোডি থেকে। এছাড়া হলে টিকিট দু’দিন আগে।

• আজ মঞ্চস্থ হবে বেশ কয়েকটি নাটক। আকাদেমি অফ ফাইন আর্টসে সন্ধে সাড়ে ৬টা থেকে আছে ‘অন্ধযুগ’। শ্যামবাজার মুখোমুখি-র এই প্রযোজনার নির্দেশক পৌলোমী চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়, দেবশঙ্কর হালদারের মতো ব্যক্তিত্বরা যুক্ত আছেন এই প্রযোজনায়। জলপাইগুড়ি রূপায়ন উৎসবে আজ থাকছে বহরমপুর রঙ্গভূমির নাটক ‘ধর্মপুত্র’। মঞ্চস্থ হবে জলপাইগুড়ির রবীন্দ্র ভবনে। বিচিত্রা, গোবরডাঙা সংস্কৃতি কেন্দ্রে সন্ধে ৬টায় রয়েছে ‘ইয়েস’। প্রয়োজনায় গোবরডাঙা নকসা। ভাবনা , নির্মাণ ও অভিনয়ে ভূমিসুতা দাস।
