
কাল ইস্টবেঙ্গলের শতবর্ষ
ইস্টবেঙ্গলের জার্সি গায়ে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি ম্যাচে খেলেছিলেন কপিল দেব! অবিশ্বাস্য শুনতে লাগলেও কথাটা সত্যি। খেলেছিলেন ফরোয়ার্ড পজিশনে। গোল করতে পারেননি যদিও। কিন্তু, যুবভারতী স্টেডিয়ামে সেই ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন লক্ষাধিক দর্শক। ১৯৯২ সালের ১ মে সেই ডার্বি অবশ্য ছিল প্রদর্শনী ম্যাচ। তাতে কী! ডার্বির স্বাদ তাতে ফিকে হয়নি। তার ওপরে কপিল দেব লাল-হলুদ জার্সি গায়ে নেমেছেন, ভাবা যায়!
২৭ বছর পর ফের ইস্টবেঙ্গলের ডাকে শহরে আসছেন কপিল দেব। এবারে উপলক্ষ ইস্টবেঙ্গলের শতবর্ষ উদযাপন। কাল, ১ লা আগস্ট, ক্লাবের শততম প্রতিষ্ঠা দিবসে ২০০টি দেশে ইস্টবেঙ্গলের পতাকা উত্তোলন করবেন ইস্টবেঙ্গল সমর্থকেরা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসবে চাঁদের হাট। উপস্থিত থাকবেন ‘চিফ প্যাট্রন’ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় প্রমুখ। কপিল দেবকে ‘ভারত গৌরব’ সম্মানে ভূষিত করবে ইস্টবেঙ্গল।
শতবর্ষে পা দেওয়া প্রিয় ক্লাবকে ঘিরে উন্মাদনা তীব্র ইস্টবেঙ্গল সমর্থকদের।
ছবিসূত্র: মিড ডে ডট কম
