কন্যাশ্রীরাই এবার স্কুলে চাষ করবে মিড-ডে মিলের সবজি

পুরুলিয়ায় শুরু হয়েছে ‘কন্যাশ্রী বড়দি’-দের প্রশিক্ষণ

স্কুলের বাগানেই যদি সবজি ফলানো যায়, তাহলে আর বাজার থেকে মিড-ডে মিলের জন্য তরি-তরকারি কিনতে হবে না। এই ভাবনা থেকেই পুরুলিয়ায় ‘কন্যাশ্রী বড়দি’-দের বিজ্ঞানসম্মত উপায়ে চাষাবাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সবজি চাষ ছাড়াও তাদের শেখানো হচ্ছে পশুপালন এবং মৎসচাষ।

মঙ্গলবার থেকে পুরুলিয়া দু’নম্বর ব্লকের জাহাজপুর কৃষিবিজ্ঞান কেন্দ্রে শুরু হয়েছে ওই জেলার ‘কন্যাশ্রী বড়দি’-দের প্রশিক্ষণ। এই মাসের ২৬ তারিখ পর্যন্ত প্রশিক্ষণ চলবে। ওই কৃষি প্রতিষ্ঠানের বিজ্ঞানীরাই প্রশিক্ষণ দেওয়ার কাজ করছেন। সফল কৃষকরাও হাজির থেকে উৎসাহিত করছেন ছাত্রীদের।

‘কন্যাশ্রী বড়দি’ প্রকল্পের স্লোগান হল, “আমার মেয়ে সব জানে”। পুরুলিয়ার ‘কন্যাশ্রী বড়দি’-রা হাতেকলমে তারই অনুশীলন করছে। এই প্রশিক্ষণের মধ্যে ছাত্রীদের একটি করে প্রকল্প রিপোর্ট বানাতে হবে। সেই রিপোর্টে উল্লেখ করতে হবে, প্রশিক্ষণ শেষ হলে স্কুলে তারা কী কাজ করতে চায়। সেই রিপোর্ট তারপর স্কুলে পাঠানো হবে।

Developed by DXDasia