
এর জন্য রাজ্য সরকার চার কোটিরও বেশি টাকা বরাদ্দ করেছে
ইতিমধ্যে পূর্ব বর্ধমানে নাবালিকাদের বিয়ে রুখে নজির তৈরি করেছিল সেখানকার কন্যাশ্রী ক্লাব। সামাজিক কুসংস্কার দূরীকরণের কাজেও কন্যাশ্রী ক্লাব এগিয়ে এসেছিল। এবার গোটা রাজ্য জুড়ে কন্যাশ্রী ছাত্রীরা ডেঙ্গির বিরুদ্ধে লড়াইয়ে নামছে।
জেলায় জেলায় প্রতিটি ব্লকের কন্যাশ্রী ক্লাবের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গির বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করবে। একইভাবে শহরাঞ্চলে পুর এলাকাতেও চলবে প্রচার। জল জমতে না দেওয়া, চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ঘুমোনোর সময়ে মশারির ব্যবহার করা – এই বিষয়গুলির দিকে নজর দেওয়া হবে। এমনকি নিজের ও প্রতিবেশীদের বাড়িতে যাতে ডেঙ্গির মশা জন্মাতে না পারে, তার জন্য নানা উদ্যোগ নেবে কন্যাশ্রী ছাত্রীরা।
ডেঙ্গি প্রতিরোধে কন্যাশ্রী ছাত্রীদের কাজে লাগানোর জন্য রাজ্য সরকার ৪ কোটি ৩৯ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ করেছে।
