
‘আমরা যা চেয়েছিলাম, উনি তা করে দেখিয়েছেন’
বিজেপি–র সাম্প্রদায়িক সন্ত্রাসের হাত থেকে বাংলাকে রক্ষা করতে প্রয়োজনে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করতে হবে। আমি একজন বামপন্থী হয়েও এ কথা বলছি। সোমবার মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্সে এই কথা বললেন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদ সভাপতি, বিজেপির ‘চরম শত্রু’ কানহাইয়া কুমার। বলেন, ‘স্বাধীনতা আন্দোলনে বিশেষ ভূমিকা রয়েছে বাংলার। বললেন, দেশে হিংসার আগুন জ্বালিয়ে বিজেপি–র এখন চোখ পড়েছে বাংলার ওপর। তাই এখানে বসিরহাট, বাদুড়িয়ার মতো ঘটনা ঘটছে। আমি একজন বামপন্থী। তৃণমূল নেত্রীর সঙ্গে আমাদের নীতি–আদর্শ না মিললেও, উনি গেরুয়া সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পেরেছেন। আমরা যা চেয়েছিলাম, উনি তা করে দেখিয়েছেন।’ ‘ভারত বাঁচাও ভারত বদলাও’ এই স্লোগান তুলে দেশ জুড়ে লং মার্চের ডাক দিয়েছে সিপিআইয়ের ছাত্র–যুব সংগঠন এআইএসএফ ও এওয়াইএএফ। ১৫ জুলাই কন্যাকুমারী থেকে শুরু হয়েছে লং মার্চ। শেষ হবে ১২ সেপ্টেম্বর পাঞ্জাবের হোসনিওয়ালায়। সোমবার সকালে ওড়িশা থেকে সোনাকনিয়া হয়ে এ রাজ্যে ঢোকে লং মার্চ। কানহাইয়া কুমার–সহ একঝাঁক বাম ছাত্র–যুব নেতা–কর্মী রয়েছেন এই লং মার্চে।
