একের পর এক ক্লাবের হয়ে ভাড়ায় ফুটবল খেলতেন কালী বন্দ্যোপাধ্যায়

আজ কালী বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন

ছোটোবেলায় ফুটবল, বক্সিং, ছোরাখেলা, লাঠিখেলা, জিমনাস্টিকে পারদর্শী ছিলেন কালী বন্দ্যোপাধ্যায়। ফুটবল এত ভালো খেলতেন যে, একাধিক ক্লাব তাঁকে ভাড়া করে খেলাতে নিয়ে যেতেন। খেলাধুলোর জন্য বাবার কাছে মারও খেয়েছেন অনেকবার। বাবা মণীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন আইনজীবী। এক সময়ে কালী বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখতেন, বড়ো হয়ে স্বাধীনতা সংগ্রামী হবেন। মেজদা রমেন বন্দ্যোপাধ্যায় উদ্বুদ্ধ করেছিলেন রাজনীতিতে। সেই তিনিই পরে হয়ে উঠলেন বাংলা থিয়েটার আর চলচ্চিত্রের সেরা অভিনেতাদের একজন। আজ কালী বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। 

ভারতীয় গণনাট্য সংঘের সক্রিয় সদস্য ছিলেন কালী বন্দ্যোপাধ্যায়। তিনি যাত্রাপালাতেও কাজ করতেন। সিনেমায় প্রথম পা রেখেছিলেন ‘বর্মার পথে’ ছবির মাধ্যমে। ‘বরযাত্রী’ সিনেমায় তাঁর অভিনীত চরিত্র গনশা জিতে নিয়েছিল দর্শকদের মন। তারপর আর ফিরে তাকাতে হয়নি। ‘নীল আকাশের নিচে’, ‘অযান্ত্রিক’, ‘নাগরিক’, ‘পরশপাথর’ – একের পর এক ছবিতে সাবলীল অভিনয় মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের। ‘দাদার কীর্তি’, ‘গুরুদক্ষিণার’ মতো জনপ্রিয় ছবিতেও তাঁর অনায়াস বিচরণ আম-বাঙালির মনে চিরস্থায়ী আসন দিয়েছে তাঁকে। হিন্দি চলচ্চিত্র ‘বাবুর্চি’-তেও রেখেছেন প্রতিভার স্বাক্ষর। শুধুমাত্র অভিনয় নয়, প্রযোজনা করেছেন, বাংলা থিয়েটার এবং সিনেমা কর্মীদের আন্দোলনেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন কালী বন্দ্যোপাধ্যায়। 

Developed by DXDasia