
ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়
আগামী তিন-চার ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গের পাঁচ জেলায় কালবৈশাখী হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকী ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। আগামী ৪৮ ঘন্টায় কলকাতা–সহ দক্ষিণবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গেও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। তবে এপ্রিলের শুরুতে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে গোটা রাজ্যে। শুক্রবার সন্ধ্যায় কালবৈশাখী বয়ে যাওয়ার পর শনিবার থেকেই বাড়তে থাকে পারদ। সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। এই তাপমাত্রাটি স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। উত্তর ভারত থেকে আসা পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে বঙ্গোপসাগর থেকে বয়ে যাওয়া জলীয় বাষ্পের মিশেলে তৈরি হতে পারে বজ্রগর্ভ মেঘ। সেই মেঘ থেকে কালবৈশাখী ঝড় চলে আসতে পারে কলকাতায়। এমনটাই দাবি করছেন হাওয়া-অফিস।
