
সাংবাদিক বলছেন, আক্রমণকারীরা সবাই বজরং দলের সদস্য
এবার গেরুয়া বাহিনীর তাণ্ডবের কবলে পড়ে চূড়ান্ত হেনস্থা হতে হল এক সাংবাদিক এবং তাঁর পরিবারকে। গত ২৮ জুন এনডিটিভি-র সাংবাদিক এম আতহারুদ্দিন মুন্নে ভারতী ও তাঁর পরিবারের সদস্যরা বিহারের বৈশালির কারনেজি থেকে সমস্তিপুরের রহিমাবাদ যাচ্ছিলেন। মুজফফরপুর ন্যাশনাল হাইওয়ে-২৮ –এর কাছে যানজটে পড়েন। গেরুয়া পরা পাঁচ জন বাঁশ নিয়ে ঘিরে ধরে তাঁদের। ভারতীর বাবার দাড়ি এবং মেয়েদের পোষাক দেখেই ‘জয় শ্রী রাম’ বলার ফতোয়া দেয়। না বললে জীবন্ত পুড়িয়ে মারার হুমকিও দেওয়া হয়। প্রাণভয়ে কোনও রকমে ‘ জয় শ্রী রাম’ বলে আত্মরক্ষা করেন ভারতী ও তাঁর পরিবার।
গোটা ঘটনাটা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ট্যুইট করে জানান ওই সাংবাদিক। তাঁর দাবি আক্রমণকারীরা সবাই বজরং দলের সদস্য। অন্যদিকে রামগড়ে গো-মাংস বহনের সন্দেহে খুনের ঘটনায় এক বিজেপি নেতা সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
