শেষ হল ঝুমুর গানের একটি অধ্যায়, প্রয়াত ‘সম্রাট’ বিজয় মাহাতো

চরম দারিদ্র্য, অভাব-অনটনের মধ্যেও গানের যাত্রা থামেনি

রুখাসুখা লালমাটির লোকসঙ্গীতের একটি ঘরানা ঝুমুর। সেই ঝুমুর গানের সম্রাট বিজয় মাহাতো চলে গেলেন গত শনিবার। হারিয়ে গেল ব্রাত্যজনের সঙ্গীত। মৃত্যুকালে বিজয়বাবুর বয়স হয়েছিল ৬৪ বছর। চরম দারিদ্র্য, অভাব-অনটনের মধ্যেও গানের যাত্রা থামেনি। একমাত্র শান্তির জগৎ ছিল ওই ঝুমুর। বাঁশি, মাদলের সুর তাঁকে ঘরে আটকে রাখতে পারেনি কোনোদিনই। তাই তাঁর সুর প্রতিটি লোকশিল্পীর বাড়ি বাড়ি পৌঁছে গেছে। বিজয় মাহাতোর প্রয়াণে অনেকেই মনে করছেন ঝুমুর ঐতিহ্যের একটি অধ্যায় শেষ হয়ে গেল।

ঝাড়গ্রামে জন্ম। বেড়ে ওঠাও সেখানে। চোখের সামনে দেখেছেন কীভাবে ঝাড়গ্রামের চারপাশ একটু একটু করে বদলে যাচ্ছে। নিজেকেও তাই এই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন। শরীর বা মন এখানে থাকলেও তাঁর ঝুমুরের সুর পৌঁছে গিয়েছিল সমগ্র দেশে। অন্য কোনও ঘরানার সঙ্গে মিশে যাননি কখনও৷ সেই কাজে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে মানুষের মুখে মুখে তিনি হয়ে উঠেছিলেন ‘সম্রাট’৷ সেই সম্মাননীয় বিজয় মাহাতোর মৃত্যুতে কার্যত শোকের ছায়া নেমে এসেছে ঝাড়গ্রামের প্রতিটা বাড়িতে।

Developed by DXDasia