
পাল্লা দিয়ে বাড়াতে থাকা সাইবার অপরাধের রাশ টানতেই এই পদক্ষেপ
সাইবার অপরাধের অভিযোগ জানাতে আর যেতে হবে না ভবানী ভবন। ক্রমবর্ধমান অপরাধ ঠেকাতে জেলায় জেলায় থাকবে সাইবার থানা।
আজ গ্রামেগঞ্জে পৌঁছে গেছে নেট। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ক্রাইম। এক পুলিশকর্তার কথায়- ‘সাম্প্রতিক কালে অপরাধের বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে দেখা গিয়েছে, খুন, অপহরণ-সহ নানা ধরনের দুষ্কর্মে মোবাইল ব্যবহার করা হচ্ছে। তদন্তের সুবিধার জন্য মোবাইল ফরেন্সিক এবং নেটওয়ার্ক ফরেন্সিকের প্রয়োজন বেড়েছে। তাই প্রতিটি সাইবার থানায় ডিজিটাল ফরেন্সিক বিশেষজ্ঞ রাখা জরুরি হয়ে পড়েছে।’ ভবানী ভবন সূত্রে খবর, ২৩টি জেলায় পৃথক সাইবার থানা তৈরির প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। জেলার থানার কর্মীদের দেওয়া হবে প্রশিক্ষন। পুলিশকর্মীদের নেট অপরাধের ক্ষেত্রে আইনি পদক্ষেপ এবং তদন্তের সঙ্গে সচেতনতা বাড়ানোর জন্য রাখা হবে আইনজ্ঞ। পুলিশসূত্রে খবর, তদন্তের গতি বৃদ্ধি এবং সিআইডি-র সাইবার অপরাধ বিভাগের উপর চাপ কমানোর জন্য এই পদক্ষেপ।
