
রোগীর পরিজনদের কথা মাথায় রেখেই এই প্রতীক্ষালয়গুলি তৈরি করার সিদ্ধান্ত
সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে তৈরি করা হবে প্রতীক্ষালয়। ‘যাত্রীনিবাস’ নামের এই প্রতীক্ষালয়গুলি রোগীর পরিজনদের কথা মাথায় রেখেই তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই যাত্রীনিবাসগুলি বানানোর দায়িত্ব আবাসন দপ্তরের ওপর। আগামী তিন বছরের মধ্যে এই প্রকল্প শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এনআরএস, মেডিকেল কলেজ, ডায়মন্ডহারবার জেলা হাসপাতাল ও বারুইপুর মহকুমা হাসপাতালে যাত্রীনিবাস তৈরি করেছে আবাসন দপ্তর।
রোগীর সঙ্গে আসা পরিজনেরা অধিকাংশ সরকারি হাসপাতালেই এখনও খোলা আকাশের নিচে কাটাতে বাধ্য হন। রোদ-ঝড়-বৃষ্টিতেও মাথার আড়াল জোটে না সবসময়। এমনকি, দূর-দূরান্ত থেকে এসে রোগীকে ভর্তি করিয়ে ওয়ার্ডের একপাশে বা আউটডোরের মেঝেতেও দিন কাটান সঙ্গে আসা বহু মানুষ। রাস্তাতেও, হকারদের থেকে প্লাস্টিক কিনে সেটা বিছিয়েই থাকতে বাধ্য হন অনেকে। এমন সমস্যাজনক পরিস্থিতিতে, রাজ্য সরকারের এই যাত্রীনিবাস তৈরির উদ্যোগ অনেকের কাছেই নিশ্চিন্ত আশ্রয় হয়ে উঠবে।
