ফেলুদা থেকে কলকাতার রসগোল্লা – জাপানের রাস্তায় মুগ্ধ করা বাংলা সাকুরার – পড়ুন দিনের বাছাই

পড়ুন সারাদিনের বাছাই করা খবর

ফেলুদা থেকে কলকাতার রসগোল্লা – জাপানের রাস্তায় মুগ্ধ করা বাংলা সাকুরার

বাংলা ভাষা ছড়িয়ে গেছে বিশ্বে। ‘বাংলাটা ঠিক আসে না’র মতো হাওয়ায় ভাসা কয়েকটা শব্দকে তুচ্ছ করে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে গর্ব প্রকাশ করলেন জাপানি মহিলা সাকুরা ইশিকাওয়া, তাও আবার জাপানের রাস্তায়। ফেসবুকে সেই ভিডিও এখন ভাইরাল। সত্যজিতের ফেলুদা থেকে কলকাতার রসগোল্লা, যাদবপুর থেকে গোলপার্ক হেঁটে যাতায়াত – সবটাই গড়গড় করে বাংলায় বলে ফেলছেন এই গবেষক। বাংলা ভাষা শিখতেই কলকাতা এসেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা লিখছেন, আপনি যদি বাংলা ভাষাকে ভালবাসেন, তবে এক বিদেশির সঙ্গে বিদেশের মাটিতে বাংলায় এই আলাপচারিতা আপনাকে মুগ্ধ করবে। জাপানের টোকিওতে টিসিএস-এ কর্মরত সাকুরা। এই কথোপকথনের প্রায় পুরোটা জুড়েই বাংলা ভাষা, সাহিত্য, খাবার, বাঙালিয়ানা এবং কলকাতাকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি। দু-একবার ছাড়া ইংরেজি শব্দ ব্যবহার করেননি। পুরোটাই বলেছেন খাঁটি বাংলায়। ছবি ও ভিডিও সৌজন্যে- ফেসবুক। 

‘বিয়েতে পণ নয়, রক্তদান’ – বউভাতে নজিরবিহীন উদ্যোগ হাওড়া দম্পতির

হাওড়ার প্রত্যন্ত গ্রাম গয়েশপুর। সেখানেই বিপ্লব ভৌমিকের নিজের বাড়িতে বসেছে তাঁর বইয়ের আসর। রোববার দুপুরে নতুন বউকে ভাত-কাপড় দিয়ে বাড়ির উঠোনে বসেছিল স্বেচ্ছায় রক্তদান শিবির। তাতে অংশগ্রহণ করলেন ৩৫ জন আত্মীয় ও প্রতিবেশী। এই দিনটিকে একটি সামাজিক আন্দোলন হিসাবে স্মরণীয় করে রাখতে চান নবদম্পতি। বিয়ের কার্ডে লেখা ছিল, ‘বিয়েতে পণ নয়, রক্তদান’। স্ত্রী সুচন্দ্রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। শুধু রক্তদানই নয়, এদিন বাগানে কিছু নতুন চারাও রোপণ করা হয়। রক্তদান শিবির প্রথম থেকে সামলেছেন বিপ্লবের বাবা অর্থাৎ সুচন্দ্রার শ্বশুর। গয়েশপুর গ্রামের বাসিন্দারাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। প্রত্যেকেই বলেছেন, ভৌমিক পরিবারের এই উদ্যোগ মনে রাখার মতো। ছবি- সংগৃহীত। 

রোববারের কলকাতা বইমেলায় রেকর্ড সংখ্যক ভিড় এবং বই বিক্রি

ব্যাঙ্ক বন্ধ ছিল টানা চারদিন ধরে। এটিএমও প্রায় বন্ধ। তাতে কী! এসব উপেক্ষা করে বইপোকাদের ভিড় উপচে পড়ল রোববারের কলকাতা বইমেলায়। বইমেলার প্রথম রোববার। স্বভাবতই বইপ্রেমীদের রেকর্ড সংখ্যক ভিড় ছিল দেখার মতো। বাংলাদেশ প্যাভিলিয়ন থেকে লিটল ম্যাগাজিন, বড়ো বড়ো প্রকাশনা থেকে ছোটো স্টল – ভিড় সর্বত্র। এদিন বাদ যায়নি এটিএমও। প্রায় ৮০-১০০ জনের লম্বা লাইনে প্রত্যেকেই ভীষণ ধৈর্য নিয়ে দাঁড়িয়েছেন। গতকাল বইমেলায় সবচেয়ে বেশি ভিড় ছিল আনন্দ, দে’জ, মিত্র অ্যান্ড ঘোষ, আজকাল, সৃষ্টিসুখ এবং পত্রভারতীতে। সেইসঙ্গে জাগো বাংলার সামনে বাউল গান শুনতে বহু মানুষ বসেছিলেন। এদিন রেকর্ড সংখ্যক ব্যবসা করেছে লিটল ম্যাগাজিনও। দাঁড়িয়েছেন। তবে এই মেলায় স্বাস্থ্যের পাঠ দিয়ে সাধারণ মানুষকে সচেতন করে জনপ্রিয় হয়ে উঠেছে ‘দি কিডনি কেয়ার সোসাইটি’। জাঙ্ক ফুড খাওয়া কতটা অস্বাস্থ্যকর, বা কী কী খাবার থেকে কিডনির অসুখ হতে পারে, সেই সব ডিসপ্লে করে বোঝানোর কাজ করছেন সংস্থার সদস্যরা। সঙ্গে বিনামূল্যে ওজন, প্রেশার ইত্যাদি চেকআপের পরিষেবাও রয়েছে। ছবি- নিজস্ব। 
Developed by DXDasia