
আইআরএম-এর দায়িত্ব নেবে আইসিএমআর
কিংবদন্তী সুপ্রজননবিদ ও বন্ধ্যাত্বের চিকিৎসক ডাঃ বৈদ্যনাথ চক্রবর্তী তাঁর নিজের হাতে গড়া বিখ্যাত চিকিৎসা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ মেডিসিনকে সরকারের হাতে সমর্পণ করতে চলেছেন। বন্ধ্যাত্বের চিকিৎসার ক্ষেত্রে সল্টলেকের এই প্রতিষ্ঠানের খ্যাতি ইতিমধ্যেই দিকে দিকে ছড়িয়ে পড়েছে।
ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন বা আইআরএম-এর দু’টি বাড়ি যথাক্রমে তৈরি হয়েছিল ১৯৮৮ এবং ১৯৯৯ সালে। চিকিৎসার পাশাপাশি শিক্ষাদানেও নজির গড়েছে এই প্রতিষ্ঠান। মাসে ৬০-৬৫টি আইভিএফ সাইকেল হয় এখানে। ডাঃ চক্রবর্তীর মেয়ে ও জামাইয়ের এই সম্পত্তির প্রতি কোনো আগ্রহ নেই। বহুদিন ধরেই নিজের প্রতিষ্ঠানের জন্য যোগ্য উত্তরাধিকারী খুঁজছিলেন ৯১ বছর বয়সী এই যশস্বী ডাক্তারবাবু।
বিভিন্ন কর্পোরেট সংস্থা আইআরএম কেনার প্রস্তাব দিলেও ডাঃ চক্রবর্তী সেইসব প্রস্তাবে রাজি হননি। অবশেষে কেন্দ্রীয় সরকারের চিকিৎসা গবেষণার সর্বোচ্চ প্রতিষ্ঠান ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর-এর হাতে নিজের স্বপ্ন দিয়ে গড়া আইআরএম-কে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। খুব শিগগিরই আইসিএমআর-এর সঙ্গে তাঁর আনুষ্ঠানিক চুক্তি হবে। তাঁর বানানো প্রতিষ্ঠানকে সরকার জনগণের কল্যাণে ব্যবহার করবে, এটাই তাঁর মনস্কামনা।
