
রিজার্ভারগুলোয় বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা
বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গ সেচ রপ্তর। রাজ্যের বন্যাপ্রবণ অঞ্চলগুলির জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এই প্রথম পাঁচটি জায়গায় পাঁচটি বড় স্ক্রিন লাগানোর পরিকল্পনা নিয়েছে সেচ দপ্তর। স্ক্রিনগুলিতে দেখানো হবে বিভিন্ন রিজার্ভারের জলের স্তরের ভিডিও ফুটেজ, সঙ্গে রিজার্ভার সংক্রান্ত তথ্যও। স্ক্রিনগুলি লাগানো হবে জলসম্পদ ভবন, নবান্ন ও মালদায়। সিসিটিভি ক্যামেরা থাকবে রিজার্ভারগুলিতে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। রয়েছে টোল ফ্রি নম্বর, যেখানে সাধারণ মানুষ পেতে পারেন বন্যা সংক্রান্ত তথ্যও। বাঁধের পরিস্থিতির ওপর নজর রাখার জন্য দপ্তরের আধিকারিকদের নিয়ে তৈরি হয়েছে আলাদা টিম। পাশাপাশি, এমন একটি সিস্টেমও তৈরি করা হয়েছে যেখানে আধিকারিক ও নতুন ইঞ্জিনিয়ার নিয়ে ৩৩৩ জনের একটি দল প্রতি ১৫ মিনিটে এসএমএসের মাধ্যমে খবর পাবেন বন্যা পরিস্থিতির। আধিকারিকদের পরস্পরের মধ্যে যোগাযোগ বাড়ানোর ও প্রতিকূল অবস্থা সামাল দেওয়ার ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। সাধারণ মানুষের সুবিধার্থে বন্যা সংক্রান্ত সব তথ্য জানার জন্য তৈরি করা হয়েছে একটি মোবাইল অ্যাপও।
