তিলোত্তমায় ভিন্ন স্বাদের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

আয়োজক সিনে সেন্ট্রাল ক্যালকাটা

বৈশাখী দাবদাহে সিনেমার শহর কলকাতায় আবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আয়োজক সিনে সেন্ট্রাল ক্যালকাটা। বসুশ্রী সিনেমাহলে এই উৎসব শুরু হবে আগামী ২৬ এপ্রিল। এই চলচ্চিত্র উৎসব এবার ৩২ বছরে পা দিল। উৎসব উদ্বোধন করবেন পরিচালক গৌতম ঘোষ। থাকবেন প্রাক্তন রাজ্যপাল শ্যামলকুমার সেন। এবছর সত্যজিৎ রায় জীবনকৃতি পুরস্কার পাচ্ছেন অভিনেত্রী/নৃত্যশিল্পী মমতা শংকর। ‘উড়নচণ্ডী’ ছবির জন্য নবাগত পরিচালক অভিষেক সাহাকে দেওয়া হবে মৃণাল সেন স্মৃতি পুরস্কার। বিশেষ শ্রদ্ধা জানানো হবে প্রয়াত পরিচালক মৃণাল সেনকে। 

১৯৮৬ সালে থেকে কলকাতা শহরের বুকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে সিনে সেন্ট্রাল ক্যালকাটা। বসুশ্রী সিনেমাহলে উদ্বোধনী ছবি হিসাবে থাকছে বাংলাদেশের ‘কমলা রকেট’। পরিচালক নুর ইমরান মিঠু। এছাড়াও থাকছে ইকুয়েডর, কোস্টারিকা, জার্মানি, ইতালি, পেরু, সার্বিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক-এর মতো দেশের নানা ধরনের উল্লেখযোগ্য ছবি। আগামী ২ মে পর্যন্ত এই উৎসব চলবে।

Developed by DXDasia