
ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির জন্য দেওয়া হল এই পুরস্কার
ঘরে বসে সেলফ স্টাডির নতুন দিগন্ত খুলে দিল ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অ্যান্ড্রয়েড অ্যাপ। আর এই অ্যাপ তৈরির জন্যই আন্তর্জাতিক পুরস্কার পেল আইআইটি খড়গপুর। পুরস্কারটি দেওয়া হয়েছে এমবিলিওন্থ সাউথ এশিয়া অ্যাওয়ার্ডে পঠনপাঠন ও শিক্ষা বিভাগের তরফ থেকে।
এই অ্যাপের মাধ্যমে মোবাইলের মাধ্যমে পড়া যাবে নানা দেশের বই, গবেষণাপত্র। শিক্ষক, অধ্যাপক, গবেষকদের অডিয়ো বুক, টিউটোরিয়াল, অ্যানিমেশন, অ্যাসাইনমেন্ট। ২০১৫ সালে কেন্দ্র সরকার আইআইটি খড়গপুরকে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি তৈরির দায়িত্ব দিয়েছিল। এই ডিজিটাল লাইব্রেরিতে পাওয়া যাবে বিভিন্ন দেশের ২০০টি ভাষায় ১ কোটিরও বেশি বই। এই ডিজিটাল লাইব্রেরিকে এবার হাতের মুঠোয় নিয়ে আসার জন্যই অ্যান্ড্রয়েড অ্যাপটি তৈরি করে আইআইটি খড়গপুর। আইআইটি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কিছু দিনের মধ্যেই গুগুল প্লে স্টোর অথবা আইওএসের মাধ্যমে বিনামূল্যে এই অ্যাপ ডাউনলোড করা যাবে।
