বিনামূল্যে ৪৪ হাজার টাকার ইঞ্জেকশন দিয়ে রোগীর প্রাণ বাঁচাল বিদ্যাসাগর হাসপাতাল – পড়ুন সারাদিনের বাছাই খবর

দিনযাপনে বাছাই করা খবর

বিনামূল্যে ৪৪ হাজার টাকার ইঞ্জেকশন দিয়ে রোগীর প্রাণ বাঁচাল বিদ্যাসাগর হাসপাতাল

প্রবল শ্বাসকষ্ট নিয়ে ৩ ফেব্রুয়ারি বেহালার বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি হয়েছিলেন গৌরী চক্রবর্তী। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, বছর পঁচাত্তর বয়সের এই বৃদ্ধার হার্ট অ্যাটাক হয়েছে। ফুসফুস কাজ করা বন্ধ করে দিয়েছে। রক্তে অক্সিজেনের মাত্রা হ্রাস প্রাচ্ছে দ্রুত। এই পরিস্থিতিতে আইসিইউ ইনচার্জ ডাক্তার শুভ্র ভট্টাচার্য গৌরীদেবীকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে নিয়ে যান। সুপারের সঙ্গে কথা বলে একটি ইঞ্জেকশন দেওয়ার বন্দোবস্ত করেন, যার ফলে প্রাণ ফিরে পেয়েছেন বেহালার জয়শ্রী পার্কের ওই বাসিন্দা। সেই ইঞ্জেকশনের বাজারমূল্য ৪৩,৯০০ টাকা। কিন্তু তার জন্য গৌরীদেবী এবং তাঁর পরিবারকে কোনো আর্থিক খরচ করতে হয়নি। এখন সরকারি হাসপাতাল বিনামূল্যেই এই দামি ওষুদের ব্যবস্থা করতে সক্ষম হচ্ছে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উদ্যোগে নতুন করে সাজানো হয়েছে ক্রিটিক্যাল কেয়ার পরিষেবা। যার ফলে এই সুবিধা।

অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছিল ছাত্র, তৎক্ষণাৎ তা পৌঁছে দিলেন পুলিশ সার্জেন্ট

মাধ্যমিক পরীক্ষায় শিলাজিৎ দাসের সিট পড়েছিল বিটি রোডের আর্য বিকাশ স্কুলে। বাড়ি থেকে বেরোবার সময় অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছিল এই ছাত্র। স্কুলে পৌঁছে শিলাজিৎ এই পরিস্থিতির কথা জানায় পুলিশকে। সেই সময় ডিউটিতে ছিলেন চিতপুর থানার সার্জেন্ট দিবাকর সরকার। তৎক্ষণাৎ দিবাকরবাবু মোটরবাইক নিয়ে পৌঁছে যান শিলাজিতের বরানগরের বাড়িতে। শিলাজিতের মা অ্যাডমিট কার্ড তুলে দেন সার্জেন্টের হাতে। দিবাকরবাবু সোজা পৌঁছোন পরীক্ষা কেন্দ্রে। স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে বিষয়টি জানান। তারপরেই শিলাজিতের হাতে তুলে দেওয়া হয় অ্যাডমিট কার্ড। এদিন ছিল জীবনবিজ্ঞান পরীক্ষা। দিবাকর সরকারের কর্তব্যপরায়ণতায় মুগ্ধ ছাত্র-ছাত্রী থেকে তাঁর সহকর্মীরাও। ছবি- সংগৃহীত।

জনতার সাহিত্য উৎসবে সম্প্রীতির সুর

দেশ জুড়ে বেড়ে চলেছে হিংসা। ভয়ের এহেন পরিবেশ নিয়ে চিন্তিত সমাজের সকল স্তরের মানুষজন। এইরকম এক সন্ধিক্ষণে একে অপরের প্রতি তিক্ততা, বিদ্বেষের জাঁতাকলে পিষতে থাকা সমস্ত ভালোবাসাকে কীভাবে মুক্ত করা যায় বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, এই বার্তায় বস্তার সলিডারিটি নেটওয়ার্ক-এর উদ্যোগে শুরু হচ্ছে তৃতীয় কলকাতা জনতার সাহিত্য উৎসব। সাহিত্য নির্ভর এই অনুষ্ঠানে যোগ দেবেন কাশ্মীরের মুয়াজ্জম বাট, ওড়িশার সুজাতা শাহানি ও সরোজ মহান্তি, আসামের সুপর্ণা লাহিড়ী বড়ুয়া ও কাজী নীল, তেলেঙানার আল্লম রাজাইয়া ও বেণুগোপাল, দিল্লির সুমিত সামোস, মহারাষ্ট্রের দিশা পিংকি শেখ এছাড়াও পশ্চিমবঙ্গের বিশিষ্ট ব্যক্তিত্বরা। আগামী ২৮ ও ২৯ ফেব্রুয়ারি, কলকাতার সুকান্ত মঞ্চে অনুষ্ঠিত হবে জনতার সাহিত্য উৎসব।

চিকিৎসা বর্জ্যকে আলাদা করতে নাগরিকদের সাহায্য নিচ্ছে বিধাননগর পৌরনিগম

ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ, বাতিল ওষুধ ইত্যাদি সঠিক জায়গায় রাখা না হলে সেগুলির থেকে ক্ষতিকারক অসুখ ছড়িয়ে পড়তে পারে। এবার, চিকিৎসা বর্জ্যকে আলাদা করার জন্য অভিনব ব্যবস্থা নিচ্ছে বিধাননগর পৌরনিগম। নাগরিকদের দেওয়া হচ্ছে দুটি আলাদা রং-এর বালতি এবং ডায়াপার বা সিরিঞ্জের জন্য কাগজের প্যাকেট। প্রথমে বিনামূল্যে, তারপর ৩ টাকার বিনিময়ে এই প্যাকেট সংগ্রহ করতে পারবেন বিধাননগরের অধিবাসীরা। সেখানেই যাবতীয় চিকিৎসা বর্জ্য জমা করতে হবে। পৌরনিগমের কর্মীরা সপ্তাহে দু’দিন বাড়ি বাড়ি গিয়ে মেডিক্যাল ওয়েস্ট নিয়ে যাবেন। কয়েকদিনের মধ্যেই এই প্যাকেট বিতরণ শুরু হয়ে যাবে।
Developed by DXDasia