
ইউরোপের নামি টুর অপারেটর সংস্থাগুলোকে আমন্ত্রণ জানানো হবে
রাজ্যের পর্যটন শিল্পে গতি আনতে অনন্য পদক্ষেপ নিতে চলেছে রাজ্য পর্যটন দপ্তর। রাজ্যের বিখ্যাত সব পর্যটনকেন্দ্রের ইতিহাস, ঐতিহ্য এবং সৌন্দর্যের হাতছানি পৌঁছে দেওয়া হবে ইউরোপের ভ্রমণপিপাসু মানুষদের কাছে।
ইউরোপীয়দের কাছে রাজ্যের পর্যটনকে তুলে ধরতে আমন্ত্রণমূলক ভ্রমণের আয়োজন করা হবে খুব শিগগিরই। রাজ্যের পর্যটনকেন্দ্রগুলি ঘুরিয়ে দেখানো হবে ইউরোপের বিভিন্ন জনপ্রিয় টুর অপারেটর সংস্থার প্রতিনিধিদের। তাঁদের নিয়ে যাওয়া হবে উত্তরবঙ্গের সেই জায়গাগুলোতে, প্রকৃতি যেখানে নিজের সৌন্দর্য উজার করে দিয়েছে। এছাড়া, অন্যান্য ইতিহাস এবং ঐতিহ্যমণ্ডিত স্থানেও তাঁদের ঘোরানোর ব্যবস্থা থাকবে। রাজ্যের বিখ্যাত পর্যটনকেন্দ্রগুলোকে নিয়ে বেশ কিছু পুস্তিকাও প্রকাশ করা হবে পর্যটন দপ্তরের উদ্যোগে।
যত বেশি বিদেশি পর্যটক আমাদের রাজ্যে ঘুরতে আসবেন, সারা বিশ্বের দরবারে বাংলার পর্যটন পরিচিতি লাভ করবে তত বেশি। রাজ্যের পর্যটন শিল্প তাতে আরও আর্থিকভাবে লাভবান হবে। পাশাপাশি অন্য দেশের ভ্রমণার্থীরা এলে রাজস্ব বাবদও উপার্জনও হবে যথেষ্ঠ।
