
জনগণের সুবিধায় বানানো হয়েছে তিন ধরনের মডেল
মাটির নিচে জলের স্তর নেমে যাচ্ছে দ্রুত। তাই জলের বিকল্প উৎসগুলিকে ব্যবহার করার কথা বলছেন বিজ্ঞানীরা। এবার জল সংকট রুখতে নজিরবিহীন সিদ্ধান্ত নিল আমাদের রাজ্যেরই এক পুরসভা।
মেদিনীপুর পুরসভার নতুন নিয়ম অনুযায়ী, বাড়িতে যদি বৃষ্টির জল সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা না থাকে, তাহলে সেই বাড়ির নকশা পুরসভার অনুমোদন পাবে না। চলতি মাসের ১ তারিখ থেকেই এই নিয়ম লাগু হয়ে গেছে। বেশ কয়েকটি বাড়িতে নতুন নিয়ম অনুযায়ী দেওয়া হয়েছে অনুমোদন।
সাধারণ মানুষ যাতে সহজে বৃষ্টির জল সংরক্ষণ করতে পারেন, তার জন্য তিন ধরনের মডেল বানিয়েছে মেদিনীপুর পুরসভা। ফ্ল্যাটবাড়ি বা বহুতলে রেইনওয়াটার হার্ভেস্টিং ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাতে হবে। খরচ পড়বে ২ লাখ টাকার মতো। দোতলা বা তিনতলা বাড়িতে মাঝারি মাপের মডেল বসাতে ১ লাখ ২০ হাজার টাকার মতো লাগবে। তবে একতলা বাড়ির জন্য কোনো ট্রিটমেন্ট প্ল্যান্ট নেই। সেখানে বর্ষার জল ভূগর্ভে রিচার্জ করার ব্যবস্থা রাখতে হবে। খরচ হবে ৪০ হাজার টাকার কাছাকাছি।
