
বনদপ্তরের উদ্যোগে সামিল ছিল খুদেরাও
বৃহস্পতিবার থেকে সুন্দরবনে প্লাস্টিক সাফাই অভিযান শুরু করলেন বনদপ্তরের আধিকারিকরা। প্রাক্তন ক্রিকেটার অরুণলাল, বারুইপুর পুলিশ জেলার কর্মীরাও তাতে হাত মেলান। খুদেরাও সামিল ছিল সেই উদ্যোগে।
সুন্দরবনের ঝড়খালিতে প্লাস্টিক বর্জন নিয়ে একটি সেমিনার ও পথসভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। প্রাক্তন ক্রিকেটার অরুণলাল, সুন্দরবন বায়োস্ফিয়ার রিসার্ভের জয়েন্ট ডিরেক্টর কুলান দাইভাল, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধিকর্তা নীলাঞ্জন মল্লিক এবং আরও অনেক বিশিষ্ট মানুষ হাজির ছিলেন তাতে। ঝড়খালি এবং কৈখালিতে স্কুল পড়ুয়াদের সচেততনা শিবিরের পাশাপাশি একটি পথসভা হয় এদিন। তার সঙ্গে সঙ্গে সুন্দরবনের পরিবেশ রক্ষার শপথ পাঠ করানো হয় এলাকার সমস্ত স্কুল ছাত্রছাত্রীদের। বর্ষাকালের আগেই সুন্দরবনকে প্লাস্টিকমুক্ত করার শপথ নেন বন দপ্তরের আধিকারিকরা। পর্যটন ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলোতে প্লাস্টিক ফেলার ডাস্টবিন, পোস্টার, প্ল্যাকার্ডের ব্যবস্থাও করা হয়েছে।
