দূষণমুক্ত বায়ুর খোঁজে শহরবাসীর প্রাকৃতিক টোটকা

শহরে বাড়ছে ঘর সাজানোর গাছের চাহিদা

ভারতের শহরগুলোতে দূষণের মাত্রা যথেষ্ট বিপজ্জনক। দেশের মধ্যে দূষণের নিরিখে এক নম্বরে আছে দিল্লি, আর তারপরেই আমাদের কলকাতা। যেভাবে কলকাতার বায়মণ্ডল খুব দ্রুত বিষিয়ে উঠছে, তাতে মহানগরের সচেতন নাগরিকদের অনেকেই বেশ উদ্বিগ্ন। তবে আশার কথা, বহু মানুষই চেষ্টা করছেন যতটুকু সম্ভব নিজের আশেপাশের পরিবেশকে দূষণমুক্ত করতে। অন্তত, নিজের বাড়িটায় যাতে পরিশুদ্ধ বাতাসের ঘাটতি না ঘটে, তাই এয়ার পিউরিফায়ারের দরকার অনুভব করছেন অনেকেই। কৃত্রিম যান্ত্রিক পদ্ধতির দিকে না ঝুঁকে প্রচুর মানুষই প্রাকৃতিক উপায়ে চেষ্টা করছেন ঘরকে দূষণমুক্ত রাখার। ঘরের বাতাস শুদ্ধ করতে এরিকা পাম, লেডি পাম, বাম্বু পাম, রাবার গাছ, ড্রেসিনা, বস্টন ফার্ম, ডোয়ার্ফ ডেট, ফিলোডেনড্রনের মতো ইনডোর প্ল্যান্টের চাহিদা বাড়ছে শহরে।
 
মাত্র কয়েকশো টাকায় নার্সারি থেকে সংগ্রহ করা যায় রকমারি গাছ। বাতাসের দূষিত কণা শুষে নিয়ে ঘরের ভেতরে বিশুদ্ধ অক্সিজেনের জোগান দিতে এই সব ইনডোর প্ল্যান্টের কোনো বিকল্প নেই। গত কয়েক বছর ধরেই কয়েকটি নির্দিষ্ট ধরনের গাছের বিক্রি বাড়ছে নার্সারিগুলো থেকে। বিশেষত ছোটো ফ্ল্যাটের মালিকদের কাছে জনপ্রিয় হচ্ছে এই গাছ। ইন্ডোর প্ল্যান্টের রমরমাতে খুশি পরিবেশবিদরা। এই ধরনের গাছগুলোর বিক্রি বাড়লে শহরের দূষণ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি এই সব গাছ পাওয়া যাচ্ছে অনলাইনেও। সাড়ে তিনশো টাকার থেকে মোটামুটি শুরু হচ্ছে দাম। 
 

Developed by DXDasia