
কোন পথে হাওড়ায় এল অজগর? উঠছে প্রশ্ন
১০ ফুট লম্বা পাহাড়ি অজগর বা ইন্ডিয়ান রক পাইথন। তার থাকার কথা পাহাড়ি অঞ্চল, পাথুরে মালভূমিতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলেই মূলত এদের বাস। এহেন অজগরেরই দেখা মিলল হাওড়ার জগাছার মৌখালিতে। সেখানে সন্ধেবেলা একটা ফাঁকা জমিতে স্থানীয়রা হঠাৎ দেখতে পান অজগরটিকে। সারা রাত চেষ্টার পর উদ্ধার এলাকার লোকজন মিলেই উদ্ধার করেন সাপটিকে। সকালবেলা এই বিরাট অজগরকে এসে নিয়ে যান বনকর্মীরা।
কিন্তু পাহাড়ি অজগর এই অঞ্চলে এল কীভাবে, তা নিয়ে প্রশ্ন উঠছেই। রক পাইথনের কোনো উপস্থিতি হাওড়া জেলায় নেই বলেই জানিয়েছেন বনদপ্তর। হাওড়ার বাস্তুতন্ত্র ও পরিবেশও এই সাপের বাঁচার পক্ষে অনুকূল নয়। সেক্ষেত্রে এই অজগরের দর্শনলাভ বিস্ময়কর ঘটনা নিঃসন্দেহে। স্থানীয়রা বলছেন, আধ কিলোমিটারের মধ্যেই এক্সপ্রেসওয়ে আর রেললাইন। হয়তো মালবাহী ট্রেন বা ট্রাকে করে অজগরটি চলে এসেছে। এর আগেও কয়লা-কাঠ-পাথরের মালবাহী ট্রাক থেকে অজগর উদ্ধার হয়েছে।
তবে, অন্য নানা মতও শোনা যাচ্ছে। চোরাচালানকারীদের জাল ছিঁড়ে কিংবা সাপুড়েদের হাত থেকে পালিয়েও এই অজগর মৌখালির ঝোপে আশ্রয় নিতে পারেন বলে মনে করছেন অনেকে।
