
সীমান্তে শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতি দিল চিনা সেনা
সুর নরম করল লাল ফৌজ। সোমবার ভারত-চিনের সিকিম সীমান্তে যান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। ১৮৯০ সালের পর এই প্রথম কোন দেশের উচ্চপর্যায়ের নেতা গেলেন। এই সফল সম্পর্কে চিনের তরফে জানানো হয়েছ, ডোকলাম-সহ ভারতের প্রতিটি সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা হবে। দু’দেশের সীমান্তে শান্তি বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চানিয়াং এদিন জানান, সিকিম সেক্টর নিয়ে তৎকালীন ব্রিটিশ সরকারের সঙ্গে চিনা রাজবংশের চুক্তি হয়েছিল ১৮৯০ সালে। তারপর থেকে এখনও পর্যন্ত সিকিমে দুই দেশের কোনও উচ্চপর্যায়ের নেতা বা মন্ত্রী কেউ সফর করেননি। সে ক্ষেত্রে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর এই সফর নজিরবিহীন। চিন ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এই সফরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে। তাঁর সঙ্গে চিনা সেনা অফিসারদের কথাবার্তা যথেষ্ট ইতিবাচক ও উপভোগ্য ছিল। নাথুলা সীমান্ত ভারতের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে চিনা সেনাদের সাক্ষাতের মতো বিরল ঘটনার সাক্ষী থাকল। প্রোটোকল ভেঙে যেভাবে উনি চিনা সেনাদের সঙ্গে নমস্তে ও কুশল বিনিময় করেছেন তার জন্য চিন নির্মলা সীতারমণকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছে।
চিনের দুটি বহুল প্রচারিত সংবাদপত্র সাউথ চায়না মর্নিং পোস্ট ও গ্লোবাল টাইমস জানিয়েছে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী বাস্তবসম্মত পদক্ষেপ নিয়েছেন। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে মানসিক দূরত্ব অনেকটাই কমিয়ে দিলেন তিনি। তবে সুর নরম করলেও সীমা বিবাদে নিজের অবস্থান বদল করেনি বেজিং। এই পদক্ষেপ ইতিবাচক পদ বলে মনে করছেন দুই দেশ।
