এসএসকেএমে রাজ্যের আধুনিকতম ট্রমা কেয়ার ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

প্রতি বছর ১২ জুলাই রাজ্য সরকার ‘জল বাঁচাও দিবস’ পালন করবে

আজ এসএসকেএম হাসপাতালে মাননীয়া মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার দ্বিতীয় সরকারি ট্রমা কেয়ার সেন্টারের উদ্বোধন করলেন। শহরের প্রথম সরকারি ট্রমা কেয়ার সেন্টার গড়ে উঠেছিল আরজি কর হাসপাতালে ২০১৭ সালে। পাশাপাশি, আজ ৩৭ জন বিশিষ্ট চিকিৎসককে সম্মান জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

বিধানচন্দ্র রায়ের জন্ম-মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সাড়া দেশ জুড়ে আজ ‘ডক্টর্স ডে’ পালিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালে বিসি রায় ট্রমা কেয়ার সেন্টারের উদ্বোধন করলেন। অত্যাধুনিক ট্রমা কেয়ার পরিষেবার সমস্ত বন্দোবস্ত রয়েছে এখানে। রাজ্যের সেরা হাসপাতালে এই ট্রমা কেয়ার সেন্টার বানানোর পরিকল্পনা শুরু হয়েছিল ৬ বছর আগে। ২০১৮ সালে গড়ে ওঠে এর ১০ তলা ভবন। অন্য সব অত্যাধুনিক ট্রমা কেয়ার সেন্টারের মতো এখানেও ত্রিস্তরীয় আপৎকালীন চিকিৎসাব্যবস্থা রয়েছে।

আজ ট্রমা কেয়ার সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে জলের সমস্যা নিয়ে মানুষকে সচেতন করতে এবার থেকে প্রত্যেক বছর ১২ জুলাই রাজ্য সরকার ‘জল বাঁচাও দিবস’ পালন করবে। এবারের ১২ জুলাই তিনি ‘সেভ ওয়াটার, সেফ লাইফ’-এর বার্তা নিয়ে দুপুর ৩টের সময়ে জোড়াসাঁকো থেকে গান্ধিমূর্তির পাদদেশ পর্যন্ত মিছিলে হাঁটবেন বলে জানিয়েছেন। 

Developed by DXDasia