
অনুভূতি হবে ৪৬ ডিগ্রি সেলসিয়াসের মতো
সোমবার নববর্ষ। নতুন বছরকে স্বাগত জানাবে বাঙালি। ইতিমধ্যেই কেনাকাটা হয়ে গেছে ঘরে ঘরে। চারিদিকে ছাড়, আকর্ষণীয় অফার। দোকানে ম-ম করছে বাহারি মিষ্টি। সবই ঠিক আছে, কিন্তু বাধ সাধছে আবহাওয়া। সোমবার পয়লা বৈশাখের দিন পারদের মাত্রা চড়বে সর্বোচ্চ। এমনটাই জানা গিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। প্রত্যেকদিনই রোদের তেজ একটু একটু করে বাড়ছে। সেইসঙ্গে সন্ধেবেলা দেখা দিচ্ছে কালবৈশাখী। তাপমাত্রা দিনে ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও রাতের দিকে তা কমে ২৫-২৬ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। তারফলে স্বস্তি পাচ্ছিল মানুষ। কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পয়লা বৈশাখের দিন তাপমাত্রা একধাক্কায় পৌঁছে যাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সেদিন রোদের তেজও থাকবে সাংঘাতিক। সমস্যা এরপরেও আছে। কারণ এদিন তাপমাত্রা ৪০-এর কাছাকাছি থাকলেও অনুভূতি হবে ৪৬ ডিগ্রি সেলসিয়াসের মতো। দুপুরের দিকে লু বইবে। কার্যত কঠিন হয়ে পড়বে দিনের বেলা বাইরে বেরনো।
