
বিপর্যয় মোকাবিলা আইনে ওই জরিমানা করা হবে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ
পশ্চিম ভারতের একাধিক রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। এ রাজ্যেও বাড়ছে আক্রান্ত। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পরিস্থিতি ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের। এই পরিস্থিতিতে মেট্রো যাত্রীদের একাংশের মাস্কে অনীহার কারণে সংক্রমণের আশঙ্কাও বাড়ছে। তাই, মাস্ক ছাড়া মেট্রোয় উঠলে এ বার ২০০ টাকা জরিমানা দিতে হবে যাত্রীদের। বিপর্যয় মোকাবিলা আইনে ওই জরিমানা করা হবে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।
আরও পড়ুন: এপ্রিল মাসে মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাংক
নজরদারির ফাঁক গলে বেশ কিছু দিন ধরেই মাস্ক ছাড়া মেট্রোয় সফর করতে দেখা যাচ্ছিল যাত্রীদের একাংশকে। সহযাত্রীরা আপত্তি জানালেও নানা অজুহাতে মাস্ক পরতে অস্বীকার করছিলেন তাঁরা। কেউ কেউ আবার মাস্ক পরে স্টেশনে ঢুকলেও কামরায় উঠে তা নামিয়ে দিচ্ছিলেন বলে অভিযোগ। আরপিএফ কর্মীদের নজরদারির কড়াকড়ি না থাকায় সম্প্রতি ওই প্রবণতা অনেকটাই বেড়ে গিয়েছিল। সম্প্রতি এ নিয়ে হইচই হওয়ায় নড়েচড়ে বসেন মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু মাস্ক-বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে সংশয়ে ছিলেন কর্তৃপক্ষ।
তবে, ইতিমধ্যেই যাত্রীদের সচেতন করতে মেট্রো স্টেশনগুলিতে ঘোষণা করা এবং পোস্টার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মেট্রো সূত্রের খবর, এ বার থেকে মাস্ক ছাড়া মেট্রোয় উঠলে বা ঠিকঠাক ভাবে মাস্ক না পরলে জরিমানা করা হতে পারে সংশ্লিষ্ট যাত্রীকে। স্টেশনের প্রবেশপথ বা চত্বরে নজরদারির সময়ে মাস্কহীন যাত্রীকে জরিমানা করা হবে। মেট্রোর কামরায় আচমকা উঠেও নজরদারি চালাতে পারেন আরপিএফ কর্মীরা। তবে প্রথম প্রথম এ নিয়ে বিশেষ প্রচার অভিযান চালানো হবে। তার পরেও মাস্ক না পরলে জরিমানা আদায় করা হবে। আপাতত যাত্রীদের মাস্ক ছাড়া দেখলেই সতর্ক করা হচ্ছে। এর পরেও কাউকে বিধি ভাঙতে দেখলে জরিমানা করা হবে।
