
জলপাইগুড়ির চা-বলয়ে অভিনব প্রচার নির্বাচন কমিশনের
ছিল রুমাল, হয়ে গেল ভোটের প্রচার-নিশান। ব্যাপারটা কতকটা এমনই। চা-বলয়ের শ্রমিকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই ‘রুমাল’। এতেই যে তাঁরা তুলে রাখেন চা পাতা। আমাদের মুখ মোছার, ঘাম মোছার রুমালের চাইতে এই রুমাল ঢের আলাদা। ভোটদান নিয়ে চা-শ্রমিকদের সচেতন করতে এই রুমালকেই বেছে নিয়েছে জলপাইগুড়ি জেলা নির্বাচন কমিশন।
জলপাইগুড়ির চা-বাগানের শ্রমিকরা চা পাতা তুলে যে রুমালে ঢালছেন, এখন তার গায়েই তিনটি ভাষায় লেখা ‘আমি ভোট দেব’। চা-শ্রমিকদের মধ্যে এই রুমাল বিলি করেছে নির্বাচন কমিশন। ২৮ মার্চ, নাগরাকাটার চা বাগান এলাকায় এই রুমাল বিলি প্রকল্পের সূচনা করেন জলপাইগুড়ির জেলাশাসক তথা রিটার্নিং অফিসার শিল্পা গৌরীসারিয়া। ভোটদানে উৎসাহ দিতেই যে এই অভিনব পরিকল্পনা বলাই বাহুল্য। চা-পাতা ভরতে ভরতেই বারবার চোখে পড়ছে ভোটদানের কথা।
এতেই কাজ হবে, বলছেন জলপাইগুড়ি জেলা নির্বাচন কমিশনের আধিকারিকরা।
