ঝাড়গ্রাম চিড়িয়াখানায় প্রাথমিক বিপদ কাটিয়ে নিরাপদে বাড়ছে ২ হায়না শাবক

ঝাড়গ্রাম চিড়িয়াখানায় ২ বছরে ২ বার হায়নার প্রজনন সফল হল

চিড়িয়াখানায় হায়নার প্রজনন সাধারণত হয় না বললেই চলে। কারণ, বেশিরভাগ সময়েই মা হায়নারা তাদের সন্তানদের মেরে ফেলে। এক্ষেত্রে অসাধ্যসাধন করেছে ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক। ২ বছরে ২ বার সেখানে হায়নার প্রজনন হওয়ার পর চিড়িয়াখানা কর্তৃপক্ষের তদারকিতে সেই হায়না শিশুগুলি বহাল তবিয়তেই বেড়ে উঠছে।

২০১০ সালে একটি পুরুষ হায়নাকে উদ্ধার করে ঝাড়গ্রাম চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছিল। ২০১৫ সালে পুরুলিয়া থেকে একটি আহত স্ত্রী হায়নাকে উদ্ধার করে একই চিড়িয়াখানায় রাখা হয়। ২০১৬ সালে তাদের সন্তান হয়। কিন্তু মা হায়না তার শিশুদের মেরে ফেলেছিল। ২০১৭ সালে আবার ২টি সন্তান প্রসব করে স্ত্রী হায়নাটি। সেবারও বাচ্চা দুটিকে বাঁচানো যায়নি।

এরপর হায়নার এনক্লোজারকে ন্যাচারাল ফরেস্টের মতো করে গড়ে তোলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ২০১৮ সালে স্ত্রী হায়নাটি আবার প্রসব করলে সদ্যোজাত শিশুটিকে আলাদা করে রাখা হয়েছিল। বাচ্চাটির নাম দেওয়া হয়েছিল ‘আহ্লাদী’। এখন সে অনেকটাই বড়ো হয়েছে।

দু’মাস আগে আরো দু’টি শাবকের জন্ম দিয়েছে স্ত্রী হায়নাটি। তাদের মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে। এবারও একই পদ্ধটিতে দু’টি শিশুকে বাঁচানো হয়েছে। দু’মাস মায়ের থেকে আলাদা করে রাখা হয়েছিল তাদের। এতদিনে তারা প্রাথমিক বিপদ কাটিয়ে উঠেছে। 

ছবি-প্রতীকী 
 

Developed by DXDasia