বাংলা গদ্যের ‘অস্থির রূপটিকে স্থির’ করেছিলেন যিনি

আজ আমরা যে-গদ্য রচনা করি, তার ভিত্তি স্থাপন করেছিলেন বিদ্যাসাগর

হুমায়ূন আজাদ
যাঁর হাতের ছোঁয়ায় বাঙলা গদ্য রূপময় হয়ে ওঠে, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর [১৮২০-১৮৯১]। তাকে বলা হয় বাংলা গদ্যের জনক। বিদ্যাসাগর সর্বকালের শ্রেষ্ঠ বাঙালিদের একজন। তিনি বিদ্যাসাগর, দয়ার সাগর, একথা সবাই জানি। এসব কথা যদি স্মৃতিহীন বাঙালি কখনো ভুলেও যায়, তবু তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন তাঁর অনুপম গদ্য রচনার জন্যে। তাঁর গদ্য রচনাকে কেউ ভুলতে পারবে না। আজ আমরা যে-গদ্য রচনা করি, তার ভিত্তি স্থাপন করেছিলেন বিদ্যাসাগর। তাঁর সে-ভিত্তির ওপর কতো রঙবেরঙের প্রাসাদ উঠেছে এবং আরো কতো উঠবে, তবু তিনি থাকবেন সবার মূলে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন ১৮২০ অব্দে, মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। তাঁর পিতার নাম ঠাকুরদাস, মাতার নাম ভগবতী দেবী। বাল্যকালে তিনি দুষ্টু চঞ্চল ছিলেন, ছিলেন বড়ো একরোখা। পরবর্তী জীবনে তিনি হন নির্ভীক, এবং ভীষণভাবে একরোখা। তাঁর সম্বন্ধে গল্প আছে, বাল্যকালে তাঁকে যা বলা হতো তিনি করতেন তার উল্টোটি। যদি মা বলতেন পড়ো, তাহলে তিনি পড়া বন্ধ করতেন। তাই তার মা শীতকালে বালক ঈশ্বরচন্দ্রকে বলতেন কিছুতেই স্নান কোরো না, আর অমনি বালক ঈশ্বর লাফিয়ে পড়তেন জলে। এ-বালক পরে হয়ে উঠেছিলেন বাংলার মহত্তম ব্যক্তি।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের অস্থির রূপটিকে স্থির করে দিয়ে গেছেন। তিনি রচনা করেছেন নানা রকমের বই। লিখেছেন পাঠ্যবই, করেছেন অনুবাদ। রচনা করেছেন নিজের জীবনী, শুনিয়েছেন প্রাচীন কাহিনী, লিখেছেন শোকগাথা, বিদ্রুপভরা রচনা। তাঁর সব রচনাই নানা দিক দিয়ে অমূল্য। বিদ্যাসাগরই সবার আগে আবিষ্কার করেন বাংলা গদ্যের ছন্দ। কবিতার যেমন ছন্দ থাকে, তেমনি থাকে গদ্যেরও ছন্দ। এ-কথাটি আমাদের প্রথম দিকের গদ্যশিল্পীরা বুঝতে পারেন নি, তাই তাঁদের গদ্য প্রাণহীন। গদ্য রচনার ভেতরে গোপনে লুকিয়ে থাকে ছন্দ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটি বুঝেছিলেন। তিনি সবার আগে নিয়মিতভাবে ঠিক জায়গাটিতে ব্যবহার করেন দাঁড়ি, কমা, সেমিকোলন ইত্যাদি চিহ্নগুলো। তার আগের বাঙলা গদ্যে যতিচিহ্ন ছিলো না, থাকলেও তা যথাস্থানে নিয়মিতভাবে ছিল না। বিদ্যাসাগর এগুলোকে গদ্যের ছন্দ রক্ষার জন্যে নিয়মিতভাবে ব্যবহার করেন। তাই তাঁর গদ্যরচনা পাঠ করার সময় ঘনঘনভাবে কমার ব্যবহার দেখতে পাই। তিনি কমা ব্যবহার করেছেন খুব বেশি, কেননা তিনি অনভ্যস্ত পাঠকদের চোখের সামনে গদ্যের ছন্দ তুলে ধরতে চেয়েছিলেন। বিদ্যাসাগরের গদ্য সম্বন্ধে খুব ভালো কথা বলেছেন রবীন্দ্রনাথ। তিনি বলেছেন, বিদ্যাসাগর সবার আগে বাংলা গদ্যকে মুক্তি দেন সংস্কৃত দীর্ঘ সমাসের কবল থেকে, এবং আবিষ্কার করেন বাংলা শব্দের সঙ্গীত। তিনি বাংলা গদ্যকে গ্রাম্য পাণ্ডিত্য ও গ্রাম্য বর্বরতা থেকে মুক্ত করে ভদ্রসভার উপযোগী করে তোলেন।

বিদ্যাসাগর গদ্যের ছন্দ আবিষ্কার করেছিলেন বলে তাঁর লেখা পড়ার সময় মধুর সঙ্গীত ধ্বনিত হয়। তাঁর ব্যবহৃত শব্দগুলো ধ্বনিময়, গুঞ্জনময়। এজন্যে পরবর্তী কালে অনেক লেখক অনুসরণ করেছেন বিদ্যাসাগরের গদ্যরীতি। সে-গদ্য সুর ছড়ায়, ছবি আঁকে, কল্পনার জগতে নিয়ে যায়। আবার তিনি যখন হাল্কা বিষয়ে কিছু রচনা করেছেন, তখন তা সরসতায় হয়ে উঠেছে মধুর। বিদ্যাসাগরের সঙ্গীতময় রচনার কিছু অংশ শোনাচ্ছি :
‘এই সেই জনস্থান মধ্যবর্তী প্রস্রবণগিরি। এই গিরির শিখরদেশ, আকাশপথে সততসঞ্চরমাণ জলধরমণ্ডলীর যোগে, নিরন্তর নিবিড় নীলিমায় অলকৃত, অধিত্যকা প্রদেশ ঘনসন্নিবিষ্ট বিবিধ বনপাদপ সমূহে আচ্ছন্ন থাকাতে, সতত স্নিগ্ধ, শীতল ও রমণীয়; পাদদেশে প্রসন্নলিলা গোদাবরী, তরঙ্গ বিস্তার করিয়া, প্রবল বেগে গমন করিতেছে।’
এ-অংশটুকু নেয়া হয়েছে বিদ্যাসাগরের ‘সীতার বনবাস’ থেকে। উচ্চারণ করে পড়লে সঙ্গীতের মতো শোনাবে।

বিদ্যাসাগরের অধিকাংশ বইই অনুবাদ। কিছু মৌলিক বইও তিনি লিখেছেন। তাঁর প্রথম বই বেতালপঞ্চবিংশতি বের হয়েছিলো ১৮৪৭ খ্রিস্টাব্দে। এটি হিন্দি থেকে অনুবাদ। তাঁর দ্বিতীয় বইয়ের নাম বাঙ্গলার ইতিহাস (১৮৪৯)। এটি তিনি রচনা করেছিলেন মার্শম্যানের বই অবলম্বনে। বিদ্যাসাগরের তৃতীয় বইটিও একটি ইংরেজি বই অবলম্বনে লেখা, বইটি হচ্ছে জীবনচরিত (১৮৪৯)। এগুলো ছিলো পাঠ্যবই। তিনি আরো কয়েকটি অনুপম পাঠ্যবই লিখেছেন। তার মধ্যে রয়েছে বর্ণ-পরিচয় (১৮৫৪), কথামালা (১৮৫৬)। বর্ণ-পরিচয় বইটিতে আছে একটি ছন্দময় চরণ — জল পড়ে। পাতা নড়ে। রবীন্দ্রনাথ তাঁর বাল্যকালে এ-চরণটি পাঠ করে অভিভূত হয়েছিলেন। বালক কবির মনে হয়েছিলো তখন যেনো তাঁর সকল চেতনায় জল পড়তে এবং পাতা নড়তে লাগলো। এরকম আরো দুটি বই বোধোদয় (১৮৫১), আখ্যানমঞ্জরী (১৮৬৩-৬৮)। আখ্যানমঞ্জরীতে গল্প বলা হয়েছে সরসভাবে, এর সরসতার তলে লুকিয়ে আছে নীতিকথা।

বিদ্যাসাগর অনুবাদ করেছিলেন বিশ্বসাহিত্যের কয়েকটি অনন্য বই। এসব বই মূল থেকে অনুবাদ করা সহজ কথা নয়। বিদ্যাসাগর অনুবাদ করেছিলেন কালিদাসের বিখ্যাত বই শকুন্তলা (১৮৫৪), বাল্মীকি ও ভবভূতির কাহিনী চয়ন করে লিখেছিলেন সীতার বনবাস (১৮৬০)। তিনি শেক্সপিয়রের কমেডি অফ অ্যাররস বাংলায় রূপান্তরিত করেছিলেন ভ্রান্তিবিলাস (১৮৬৯) নামে। এই বইগুলোকে শুধু অনুবাদ বললে ঠিক বলা হয় না। তিনি নিজের কালের মতো করে রচনা করেছিলেন এসব কাহিনী। এগুলো বই থেকে জন্ম নেয়া নতুন বই।

বিদ্যাসাগরের মৌলিক রচনা হচ্ছে বিধবাবিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব (১৮৫৫), বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক বিচার (১৮৫৫), অতি অল্প হইল (১৮৭৩), আবার অতি অল্প হইল (১৮৭৩), ব্রজবিলাস (১৮৮৫), প্রভাবতী সম্ভাষণ (১৮৯২), স্বরচিত জীবনচরিত (১৮৯১)। মৌলিক রচনায় বিদ্যাসাগরকে পাওয়া যায় জীবন্তভাবে; তাঁর নিশ্বাসের প্রবাহ যেনো বোধ করা যায় এগুলোতে। প্রথম পাঁচটি বই তিনি রচনা করেন তাঁর প্রতিপক্ষের লোকদের আক্রমণ করে। বিদ্যাসাগর জড়িত ছিলেন নানা সংস্কার আন্দোলনে। তিনি বিধবাদের বিবাহ আইনসঙ্গত করার চেষ্টা করেছিলেন, এবং রহিত করতে চেয়েছিলেন বহুবিবাহ। তাই তাঁর জুটেছিলো অনেক বিরোধী। এদের সাথে তাঁকে নামতে হয়েছিলো নানা তর্কে; বিদ্যাসাগরের এ-পাঁচটি বই তাই তর্কযুদ্ধ। তাঁর যুক্তিগুলো শাণিত, বিদ্রুপভরা। বিদ্যাসাগরের বিদ্রুপ ছিলো রুচিশীল, তাতে বুদ্ধির ধার ছিলো তীক্ষ। তিনি এগুলো রচনা করেছিলেন ছদ্মনামে। তিনি অতি অল্প হইল এবং আবার অতি অল্প হইল রচনা করেছিলেন ‘কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য’ নামে।

প্রভাবতীসম্ভাষণ এবং স্বরচিত জীবনচরিত তাঁর মৌলিক রচনা। এখানে জীবনের শান্ত গম্ভীর দিকটি প্রকাশিত হয়েছে। প্রভাবতীসম্ভাষণ একটি শোকগাথা। ছোটো রচনা। এরচনায় বিদ্যাসাগরের হৃদয়টি অনাবৃত হয়ে দেখা দিয়েছে। বিদ্যাসাগর সারাজীবন মানুষকে ভালোবেসেছেন, কিন্তু শেষ জীবনে তিনি মানুষের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। তিনি জীবনের প্রথম থেকে ছিলেন নাস্তিক; কিন্তু বিশ্বাস করতেন মানুষকে। শেষ জীবনে সেই মানুষের ওপরও তাঁর বিশ্বাস ছিলো না। বাংলায় মানুষের ওপর বিশ্বাস রাখা ভীষণ কঠিন! তিনি সঙ্গীহীন হয়ে পড়েছিলেন। তখন তাঁর প্রিয় হয়ে উঠেছিলো রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের প্রভাবতী নামে আড়াই বছরের একটি শিশুকন্যা। বিদ্যাসাগর এ-শিশুকেই করে নিয়েছিলেন নিজের বন্ধু। কিন্তু প্রভাবতীর মৃত্যু হয় শিশুকালেই। বিদ্যাসাগর শোকে ভেঙে পড়েন।

প্রভাবতীকে স্মরণ করে তিনি রচনা করেন বাংলা ভাষার এক অসাধারণ অকাতর রচনা প্রভাবতী সম্ভাষণ। সে-করুণ রচনা থেকে বিদ্যাসাগরের বেদনার একটুখানি তুলে আনি :
‘বৎসে! তোমায় আর অধিক বিরক্ত করিব না, একমাত্র বাসনা ব্যক্ত করিয়া বিরত হই যদি তুমি পুনরায় নরলোকে আবির্ভূত হও, দোহাই ধর্মের এটি করিও, যাঁহারা তোমার স্নেহপাশে আবদ্ধ হইবেন, যেন তাহাদিগকে, আমাদের মত, অবিরত, দুঃসহ শোকদহনে দগ্ধ হইয়া, যাবজ্জীবন যাতনাভোগ করিতে না হয়।’

স্বরচিত জীবনচরিত তাঁর আত্মজীবনী। এটি তিনি শেষ করে যান নি। এটিও অমূল্য গ্রন্থ।

(ঋণ – হুমায়ূন আজাদের ‘লাল নীল দীপাবলী বা বাঙলা সাহিত্যের জীবনী’ গ্রন্থ)

Developed by DXDasia