এবার মাত্র ১২ ঘণ্টায় পৌঁছে যাবেন দিল্লি

ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে ছুটবে রাজধানী এক্সপ্রেস

এখন হাওড়া স্টেশন থেকে ট্রেনে নয়া দিল্লি পৌঁছতে কম করে লেগে যায় সাড়ে ১৭ ঘণ্টা। গতিময়তার যুগে তাই অসুবিধেয় পড়েন অনেক যাত্রীই। অনেকে বাধ্য হয়ে বিমানে যাতায়াত করেন। তবে এবার রেল কর্তৃপক্ষের দৌলতে হতে চলেছে মুশকিল আসান। মাত্র ১২ ঘণ্টাতেই হাওড়া আর দিল্লির মধ্যে এবার ট্রেনে যাতায়াত করা সম্ভব হবে।  

দিল্লি থেকে কলকাতার দূরত্ব ১৫০০ কিলোমিটারের মতো। এখন রাজধানী এক্সপ্রেস ঘণ্টায় ১৩০ কিলোমিটার যেতে পারে। নতুন ব্যবস্থাপনায় এই ট্রেন ঘন্টায় ১৬০ কিলোমিটার পর্যন্তও দৌড়োতে পারবে। রেল লাইনগুলোকে আরও বেশি নিরাপদ করা হচ্ছে, দ্রুতগতিতে ট্রেন ছুটলে দুর্ঘটনার সম্ভাবনা তাতে কমবে অনেকটাই। এখন হাওড়া-দিল্লি রাজধানী এক্সপ্রেসে যাতায়াতে যে সময় লাগে, তার থেকে সাড়ে ৫ ঘণ্টা আগেই যাতে এই ট্রেন গন্তব্যে পৌঁছে পারে, সেই ব্যবস্থা ৪ বছরের মধ্যেই করে দিতে চাইছে রেল কর্তৃপক্ষ। 

একই প্রকল্পের অংশ হিসেবে কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই – এই ৪টে শহরের মধ্যে ট্রেন যোগাযোগ আরও উন্নত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন রেলকর্তারা। সোনালি চতুর্ভুজ পথে দূরপাল্লার ট্রেনগুলিকে যত কম স্টেশনে থামানো যায়, তার জন্য পরিকল্পনা চলছে। 
 

Developed by DXDasia