বাংলাদেশকে ডেঙ্গি-প্রতিরোধের পাঠ দিচ্ছে কলকাতা পৌরসভা

ডেঙ্গি-প্রতিরোধের পাঠ নিতে শহরে বাংলাদেশের দুই মন্ত্রী

ডেঙ্গি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে বাংলাদেশে। দেশের ৬৪টি জেলার মধ্যে ৬১টি জেলায় ইতিমধ্যেই চরম আকার নিয়েছে ডেঙ্গির প্রকোপ। এমতবস্থায়, ডেঙ্গি প্রতিরোধের উপায় খুঁজতে কলকাতা পৌরসভার দ্বারস্থ হয়েছে বাংলাদেশ। কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ জায়গায় কয়েক বছর আগে ভয়াল রূপ ধারণ করেছিল ডেঙ্গি। প্রাথমিক ধাক্কা সামলে ডেঙ্গি ঠেকাতে এরপর অনেকটাই সফল হয়েছে রাজ্য-প্রশাসন। বিশেষ করে, কলকাতায় গত ২ বছরে ডেঙ্গিতে আক্রান্ত ও মৃত মানুষের সংখ্যা চোখে পড়ার মতো কমেছে। তাই, ডেঙ্গি-যুদ্ধ জয়ের মন্ত্র কলকাতার থেকেই শিখতে চাইছে বাংলাদেশ। 

কলকাতার সাহায্য চেয়ে কলকাতায় পা রেখেছেন বাংলাদেশের মন্ত্রী মহম্মদ তাজুল ইসলাম এবং স্বপন ভট্টাচার্য। ১৪৪টি ওয়ার্ডে ডেঙ্গি প্রতিরোধে ঠিক কী কী কাজ হয়েছে, তা খুঁটিয়ে জানতে চেয়েছেন তাঁরা। আগামীকাল, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা পুরসভার সঙ্গে এ-বিষয়ে কথা বলবেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। 

ঢাকা ও কলকাতা—বাংলা ভূখণ্ডের এই দুই মহানগরীর আবহাওয়া একইরকম। ফলে, কলকাতায় ডেঙ্গি প্রতিরোধের পদ্ধতি ওপার বাংলাতেও সমান কার্যকরী হবে বলেই আশা বাংলাদেশের। সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত কলকাতাও।

Developed by DXDasia