ভালো কই মাছ কী করে চিনবেন

মাছ না চিনতে পারলেই পকেট কাটবে দোকানিরা, মিলবে না ভালো মাছও

আপনি বাজারে গিয়ে কই মাছ কিনলেন। চড়া দাম দিয়ে মাছ কিনলেন ঠিকই, কিন্তু বুঝতেই পারলেন না বড় মাছ কিনে এনে আসলে ঠকে এলেন বাজার থেকে। খেতে বসে দেখলেন স্বাদ নেই। আপনার এরপর মনে হওয়াই স্বাভাবিক কই মাছে এখন আর স্বাদ পাওয়া যায় না। বাজারে মাগুর কই, শিঙির দাম সবসময় চড়া। চিকিৎসক খেতে বলেন। বাড়ির বয়স্করা বলেন কই মাছ খেলে গায়ে শক্তি বাড়ে। জিওল মাছ তাই চড়া দামে বিক্রি হয়। সেই সুযোগটাই সবসময় নেন দোকানি। আপনি আগে খেতেন দেশি কই। এখনও পাওয়া যায়। কিন্তু এখন বাজারে ছেয়ে গেছে হাইব্রিড। আপনি হাইব্রিড বলতে বোঝেন বড় মাছ। ঠিকই জানেন। আর সেই ফাঁকেই দোকানি ঠকিয়ে পকেট কেটে নিচ্ছে। শুধু দামে নয় মাছেও ঠকছেন।

বাজারে তিন ধরণের কই পাওয়া যায়। দেশি, হাইব্রিড আর ওড়িশা। মাছ চিনে না কিনলে ঠকার সম্ভাবনা। ছোট মাছ সবই একরকম দেখতে। হাইব্রিড মাছ বড় হলে পাইকারি বিক্রি হয় কিলো প্রতি ৫০ থেকে ৬০ টাকা। আমাদের রাজ্যে প্রায় প্রতি গ্রামে হাইব্রিড মাছের চাষ হচ্ছে। এরা খায়, মুরগির মাংসের দোকানে যে নোংরা পড়ে থাকে সেগুলো। মাঝে মাঝে দেখবেন রাস্তা দিয়ে যখন লরি,ম্যাটাডোর যায় গন্ধ বের হয়। গাড়ি ভর্তি করে তা নিয়ে যায় ব্যবসায়ীরা। আর মাংসের দোকানে এরা ড্রাম রেখে আসে। আপনি যেহেতু দেশি, হাইব্রিড চেনেন না ফলে ছোট হাইব্রিড মাছ বাজারে আনা হচ্ছে, আর তা ৩০০ থেকে ৪০০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। বড় হলে অর্থাৎ পাঁচশো থেকে ছ'শো গ্রাম ওজন হলে তার দাম কমে যাবে। আমাদের রাজ্যে তা বিক্রি হয় কম। মৎস্যজীবীরা বলছেন বড় মাছ চলে যায় বিদেশে। দাম কম, তাছাড়া নিয়মিত ব্যবসায়ী আসে না পাড়ায়, ফলে বিক্রি করাও ঝামেলা। ছোট মাছ তুলে নিয়ে তাই তা বিক্রি হচ্ছে চড়া দামে। কয়েক বছর আগেও হাইব্রিড ছোট মাছ বিক্রি নিষিদ্ধ ছিল। এখন নজরদারি নেই। ব্যবসায়ীরা বেশি মুনাফা পাচ্ছেন।

আপনি মাছ চেনেন না বলে ঠকছেন। আর দেশির বদলে কিনে আনছেন ওড়িশা অথবা হাইব্রিড।মনে রাখবেন, দেশি মাছ আমাদের খালে, বিলে পাওয়া যায়। এখন চাষ হচ্ছে পুকুরে, ভেড়িতে। ওড়িশাতেও এখন কই মাছের চাষ হচ্ছে, ওখানে দাম কম। দিঘার কাছাকাছি চন্দনেশ্বর বাজারে ওড়িশার কই বিক্রি হচ্ছে ১০০ টাকা কিলো। সেই মাছ আমাদের রাজ্যে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা। ওড়িশায় যে পরিমাণ চাহিদা তার চেয়ে উৎপাদন বেশি, তাছাড়া বাংলায় দাম চড়া, ফলে এখানে আসছে ওড়িশার মাছ। আর আপনি দেশি ভেবে সেই মাছ কিনছেন।&

এখন প্রশ্ন হচ্ছে,মাছ চিনবেন  কী করে। হাইব্রিড মাছ দেখতে হবে ফ্যাকাসে, দেহ আর মাথা হবে মোটা। মুখ হবে বড়। ওড়িশার মাছ হবে কালো। দেখতে হবে সরু। আর দেশি মাছের মুখ হবে সরু, মাথা হবে ছোট। দেখতেও ছোট। পাখনা হবে হালকা হলুদ, পেটের পাখনা হবে হালকা হলুদ। দেখতে হবে হালকা হলুদ রঙের কিন্তু পেটের দিকটা হবে হালকা সাদা। মনে রাখবেন দেশি মাছ কখনও একশো থেকে একশো পঁচিশ গ্রাম সাইজের বেশি হবে না। বাজারে গিয়ে তাই দেশি মাছ চিনে কিনবেন। স্বাদ পাবেন। শরীরের পক্ষেও ভাল।

Developed by DXDasia