ঘোড়ার বর্জ্য আদিগঙ্গায় কেন, উঠছে প্রশ্ন

সুভাষ দত্তের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেই এই শুনানি

রেসকোর্সের ঘোড়ার মল-মূত্র অবৈজ্ঞানিক পদ্ধতিতে আদিগঙ্গায় ফেলে দেওয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। এ-নিয়ে এ বছর এপ্রিল মাসে জাতীয় পরিবেশ আদালতে একটি মামলা দায়ের করেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। কীভাবে ঘোড়ার মল-মূত্র আদিগঙ্গায় ফেলা হয় কলকাতা পুরসভার অনুমতি ছাড়া, প্রশ্ন তোলা হয় তা নিয়েও। এই বিষয়ে জাতীয় পরিবেশ আদালত রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং কলকাতা পুরসভাকে পর্যবেক্ষণ করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল।

বুধবার এই সংক্রান্ত একটি রিপোর্ট আদালতে পেশ করে কলকাতা পুরসভা। ওই রিপোর্টে জানানো হয়েছে, রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবের ঘোড়ার মল-মূত্র ফেলার নির্দিষ্ট জায়গা নেই। তা ফেলা হয় আদিগঙ্গায়। যার জেরে পরিবেশ দূষণ হচ্ছে। কিন্তু এই বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট অনুমতিও তাদের নেই।

এই রিপোর্ট নিয়ে সন্তুষ্ট নয় আদালত। বিষয়টি আরও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভাকে। ১৩ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
 

Developed by DXDasia