
কলকাতায় ট্রামের সংখ্যা ২৭১ থেকে কমে বর্তমানে দাঁড়িয়েছে ৮৫টি
অবশেষে ১৫৬ বছর পর বাতিল হল ইংরেজ আমলের ঘোড়ায় টানা গাড়ির আইন ‘স্টেজ ক্যারেজেস অ্যাক্ট-১৮৬১’। ঘোড়ায় টানা গাড়ি, ঘোড়ায় টানা ট্রাম, সবই এই আইনে চলত। আইনে ঘোড়াকে কষ্ট দিলে শাস্তির ব্যবস্থা ছিল। যাত্রীর সঙ্গে কোচওয়ান দুর্ব্যবহার করলেও ছিল জরিমানার নির্দেশ। বাবুঘাট আর ভিক্টোরিয়া ছাড়া, ঘোড়ার গাড়ি বহু দিন আগেই বিদায় নিয়েছে। বিদায় নিয়েছে ঘোড়ার গাড়ির চালক ঢাকার কুট্টিরা। যাদের সঙ্গে বাঙালিদের পরিচয় করিয়ে দিয়েছিলেন সৈয়দ মুজতবা আলি। ঘোড়া গাড়ি থেকে নামতে গিয়ে সওয়ারি হুড়মুড়িয়ে পড়ে গেলে যে কুট্টি সওয়ারির গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে বলতে পারেন, আহা কত্তার এইহানে লাগসে, কত্তার ওইহানে লাগসে, কিন্তু কত্তা যাই বলেন, নামসেন কিন্তু খুব তাড়াতাড়ি। বা, শুইন্যা গুড়ায় হাসব, বিদায় নিয়েছে সেই রসিকতাও। এবার বিদায় নিল তার আইন। সোমবার বিধানসভায় পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী এই আইনটি বাতিল করতে একটি বিল আনেন। সেটা যথারীতি পাসও হয়ে যায়। মন্ত্রী বিধানসভায় জানিয়েছেন, ভিক্টোরিয়ায় যারা সব ঘোড়ার গাড়ি চালান তাদের কোনও অসুবিধা হবে না। ১৯১৯ সালের ‘হ্যাকনি ক্যারাজ অ্যাক্ট’ অনুযায়ী ওই সব গাড়ি চালু থাকবে। দিন ট্রাম প্রসঙ্গে শুভেন্দুবাবু বিধানসভায় বলেন, ৫ বছর আগে কলকাতায় ২৭১টি ট্রাম চলত। যে সব রুটে ক্ষতি হচ্ছিল বেশি সরকার সেগুলো বন্ধ করে দিয়েছে। এখন শহরে ৮৫টি ট্রাম চলছে।
