
যাদের পায়ের তলায় সর্ষে, তাদের জন্য সুখবর। প্রাথমিকভাবে ১৮ টি হোম স্টে তৈরির উদ্যোগ রাজ্যসরকারের
আরও বেশি পর্যটক টানার লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে আলিপুরদুয়ার জেলায় তৈরি হতে চলেছে বেশ কয়েকটি হোম স্টে। প্রাথমিকভাবে চিলাপাতা, টোটোপাড়া, শালকুমার হাট আর হাতিপোতায় বারোটি হোম স্টে তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করার পরই যা খুলে দেওয়া হবে সাধারণের জন্য। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের হোম স্টে সংক্রান্ত নির্ধারিত পলিসি অনুযায়ী দ্বিতীয় পর্বে চিলাপাতা, ২৮ ও ২৯ নং বস্তি ও মাদারিহাটে আরও ১৩টি হোম স্টে তৈরির পরিকল্পনা রয়েছে।
বিশেষত্ব এই যে, স্থানীয় আদিবাসী পরিবারগুলিকেও সংযুক্ত করা হবে এই প্রকল্পের সঙ্গে। বেড়াতে এসে মানুষ যাতে জঙ্গলের পরিবেশে আদিবাসী জীবনযাপনের ছোঁয়া পেতে পারেন, সে-কারণেই এই উদ্যোগ। ‘ব্লু হোম স্টে’ – নাম ঠিক করা হয়েছে এই প্রকল্পের।
এছাড়াও আলিপুরদুয়ার শহরে ইনফরমেশন সেন্টার, নড়াথালি ও ভুটানঘাটে ট্যুরিজম সেন্টার এবং জয়ন্তীতে ট্যুরিস্ট হাব তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে।
