
হাভানায় গিয়ে কাস্ত্রোকে হত্যার জন্য প্রশিক্ষণও নেন ভেসিয়ানা
মার্কিন গোয়েন্দার নির্লজ্জ স্বীকারোক্তি। সিআইএ-র প্রাক্তন গুপ্তচর আন্তোনিও ভেসিয়ানা ফিদেল কাস্ত্রোকে হত্যার চেষ্টাকেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বেছে নিয়েছিলেন। না পেরে তিনি এক সহলেখককে দিয়ে লিখিয়ে ফেলেছেন তাঁর হতাশা আর ব্যর্থতার কাহিনী। সহলেখক সাংবাদিক কার্লোস হ্যারিসনের সহযোগিতায় ভেসিয়ানা লিখেছেন ‘ট্রেইনড টু কিল’ নামের বইটি।
৮৮ বছর বয়সী ভেসিয়ানা যুক্তরাষ্ট্রের মায়ামিতে মেয়ের বাড়িতে বসে বলছিলেন, তিনি সন্ত্রাসীর কাজ করতেন। নিজের বইয়ে তিনি লিখেছেন কীভাবে সিআইএ-র কর্মী ডেভিড ফিলিপস ১৯৫৯ সালে তাঁকে কাজ দিয়েছিলেন। হাভানায় গিয়ে কাস্ত্রোকে হত্যার জন্য প্রশিক্ষণও দেন ফিলিপস। কাস্ত্রো অবশ্য গত বছর স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। ভেসিয়ানা একসময় কিউবার ন্যাশনাল ব্যাংকের হিসাবরক্ষকের কাজ করতেন। আর সিআইএ-র নির্দেশে দেশটিকে অস্থিতিশীল করার লক্ষ্যে নানা গুজব ছড়াতেন। এতে বহু মা-বাবা তাঁদের সন্তানদের নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেন। ভেসিয়ানা বলেন, মা-বাবা ও সন্তানদের এমন বিচ্ছেদ ঘটানোর নেপথ্যে কাজ করেছেন বলে তাঁর কোনো অনুতাপ নেই। কারণ, তখন তিনি ঠিক মনে করেই এ দায়িত্ব নিয়েছিলেন।
