ভারতের সর্বোচ্চ ক্রিটিক্যাল কেয়ারের ডিগ্রি মিলবে পিজিতে

পূর্ব ভারতের মধ্যে প্রথম এই সাফল্য পেল বাংলা

চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে ক্রিটিক্যাল কেয়ারের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে বিশেষজ্ঞ ডাক্তারের চাহিদা। আমাদের রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও ধীরে ধীরে ক্রিটিক্যাল কেয়ার নেটওয়ার্ক গড়ে উঠছে। এরই মধ্যে ক্রিটিক্যাল কেয়ারের সর্বোচ্চ ডিগ্রি পড়ানোর যোগ্যতা অর্জন করে বাংলার মুকুটে বিরল এক পালক যোগ করল পিজি হাসপাতাল।

এতদিন এইমস, পিজিআই চণ্ডীগড়, এসজিজিআই লখনউয়ের মতো দেশের সেরা সেরা প্রতিষ্ঠানে ক্রিটিক্যাল কেয়ারের সর্বোচ্চ ডিগ্রি অর্থাৎ ডিএম, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন নিয়ে পড়ার সুযোগ ছিল। মেডিসিন কিংবা অ্যানাসথেসিওলজিতে এমডি ডিগ্রি লাভ করার পর এই সর্বোচ্চ ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনা করার যোগ্যতা মেলে। এই ডিগ্রি পড়ানোর জন্য উপযুক্ত পরিকাঠামো ছাড়াও চাই মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই)-এর অনুমোদন। এতদিন পর্যন্ত পূর্ব ভারতের কোনো প্রতিষ্ঠানে এই ডিগ্রি পড়ানোর কোনো ব্যবস্থা ছিল না।

পশ্চিমবঙ্গের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল পিজিতে রয়েছে রাজ্যের সবথেকে পুরোনো ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ। পিজি কর্তৃপক্ষ নতুন ডিগ্রি চালু করার আবেদন জানালে সেই বিভাগে এসে এসে খুঁটিয়ে খুঁটিয়ে পরিদর্শন করেন এমসিআই-এর পরিদর্শকরা। তাঁদের রিপোর্ট দেখে এবং এমসিআই-এর পিজি এক্সপার্ট গ্রুপের সুপারিশ মেনে পিজিকে এই ডিগ্রি পড়ানোর অনুমতি দেয় মেডিক্যাল কাউন্সিল। 

Developed by DXDasia