ছিটমহলবাসীর জমির সমস্যা দ্রুত মেটানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

তিন দিনের মধ্যে অধ্যাদেশ জারি করে পনেরো দিনের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ

মুখ্যমন্ত্রীর নির্দেশে সাবেক ছিটমহলবাসীদের জমির স্বত্ব এবং অন্যান্য সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করতে উদ্যোগী হল রাজ্য প্রশাসন। তিন দিনের মধ্যে অধ্যাদেশ জারি করে ভূমি মন্ত্রককে এই সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১৫ সালের আগস্টে ভারত আর বাংলাদেশ নিজেদের ছিটমহলগুলি বিনিময় করার পরেও ছিটমহলবাসীদের মূল অভিযোগ ছিল, তাঁদের পুনর্বাসনের জন্য ঘোষিত প্রকল্পগুলি এখনও বাস্তবায়িত হয়নি। সোমবার কোচবিহার শহরে ‘উৎসব’ অডিটোরিয়ামের প্রশাসনিক বৈঠকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্য সরকারের আধিকারিক এবং নির্বাচিত প্রতিনিধিদের থেকে জানতে চান, বাংলাদেশের ছিটমহল থেকে যাঁরা এসেছেন, তাঁদের জমির অধিকার দেওয়ার কাজ কতখানি এগিয়েছে। ভূমি মন্ত্রকের সচিব জানান, ইতিমধ্যে জমি সার্ভে করে কার দখলে কত পরিমাণ জমি আছে, সেটা চূড়ান্ত করে ফেলেছে দপ্তর। এই সংক্রান্ত সরকারি আইনের কিছু সমস্যা আছে বলেও জানান এই আধিকারিক।

এই কথা শোনার পর মুখ্যমন্ত্রী বলেন, “মানুষের কাজ অ্যামেন্ডমেন্টের জন্য আটকে থাকবে, এটা মেনে নেওয়া যায় না”। এর পরেই তিন দিনের মধ্যে অধ্যাদেশ জারি করে কাজটা শেষ করতে হবে বলে নির্দেশ দেন তিনি। সার্বিক সমস্যার সমাধানের জন্য তিনি ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। সরকারি লাল ফিতের ফাঁদে অনেক প্রকল্পেরই রূপায়ণে প্রচুর সময় চলে যায়। মুখয়মন্ত্রীর এই নির্দেশে সাবেক ছিটমহলবাসীর সমস্যা দ্রুত মিটবে বলেই আশাবাদী সবাই।

ছবি সূত্র – বিবিসি 

Developed by DXDasia