
রাজ্যের বৌদ্ধ বিহারগুলির সংস্কারে হাত দিল পর্যটন দপ্তর
মালদার হারিয়ে যাওয়া টাঙা গাড়িকে ফিরিয়ে আনার অভিনব পরিকল্পনা নিল রাজ্য সরকার। এবার ভ্রমণার্থীরা ঘোড়ায় টানা গাড়ি টাঙায় চেপে গৌড়ের পুরোনো স্থাপত্যগুলি ঘুরে দেখার সুযোগ পাবেন। এছাড়া, প্রাচীন বাংলায় যে সব ছোটোবড়ো বৌদ্ধ বিহার গড়ে উঠেছিল, সেগুলিতে হেরিটেজ পর্যটন শুরু করতে নজিরবিহীন বন্দোবস্ত শুরু করল পর্যটন দপ্তর।
গুপ্ত যুগ, হর্ষবর্ধনের রাজত্বকাল এবং পাল আমলে বাংলা ছিল মহাযান ও বজ্রযান বৌদ্ধধর্মের এক প্রধান কেন্দ্র। সেই সময়ে বেশ কয়েকটি বৌদ্ধ বিহার গড়ে ওঠে বাংলায়। সেগুলোতে হেরিটেজ পর্যটন শুরু করতে প্রাথমিক ধাপে পাঁচটি বৌদ্ধবিহারকে সংস্কারের জন্য চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে মালদা জেলার জগজীবনপুর বিহারের সংস্কারের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই।
এক সময়ে মালদায় প্রচুর টাঙার প্রচলন থাকলেও এখন সেই গাড়ি প্রায় বিলুপ্ত। আবার নতুন করে সরকারি উদ্যোগে যদি টাঙা চালু করা যায়, তাহলে বেশ কিছু মানুষের কর্মসংস্থান হবে। কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আশেপাশে যেমন টাঙা দেখা যায়, একইভাবে মালদার গৌড় এবং আদিনার মতো পর্যটনকেন্দ্রগুলিতে ঘোড়ায় টানা গাড়ি চালানোর কথা রাজ্য সরকার বিবেচনা করছে।
