
হরিদাসের নামেই বিক্রি বেড়ে যাচ্ছে কয়েক গুণ
‘হরিদাসের বুলবুল ভাজা/ খাস্তা তাজা খেতে মজা’
শ্রীমান পৃথ্বীরাজ সিনেমার সেই গান আর বুলবুলভাজার স্বাদ এখন ধূসর নস্টালজিয়া। ‘বুলবুল’ বললেই বরং মনে পড়ছে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের স্মৃতি। নন্দন চত্বরে গেলেই অবশ্য অন্য ছবি চোখে পড়বে। এখানে ফের ফিরে এসেছে হরিদাসের বুলবুল ভাজা। সৌজন্যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবং সেই বুলবুল ভাজার নস্টালজিয়ায় মিশে যাচ্ছে কলকাতার ঘটিগরমের স্বাদ।
চলচ্চিত্র উৎসব উপলক্ষে সেজে উঠেছে নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে গাছতলায় ‘হরিদাসের বুলবুল ভাজা’-র একটি মডেলও বসানো হয়েছে। সেই বাক্সের সামনেই ঘটিগরম বিক্রি করছেন অনিমেষ গায়েন। হরিদাসের বুলবুল ভাজা ঠিক কী জিনিস, জানতেনই না অনিমেষ। বাক্সটা দেখে পছন্দ হয়ে যাওয়ায় ঘটিগরমের বালতি নিয়ে এসে দাঁড়িয়েছিলেন তার সামনে। তারপরই বিক্রি বেড়ে যায় হুহু করে। নামের ম্যাজিক বোঝার পর অনিমেষ বলছেন, তাঁর ঘটিগরমের নাম বদলে হরিদাসের বুলবুল ভাজাই রাখবেন এরপর। এভাবে যদি নামের সূত্র ধরেও ফেলে আসা স্বাদের আঁচ পাওয়া যায়, ক্ষতি কী
