
ভাইরাল হল ভিডিও
অনেক শহুরে প্রবীণদের বক্তব্য নিউ-এজ জেনারেশন মানুষের পাশে দাঁড়াচ্ছে না। সেই বক্তব্য কতটা জোরালো তা নিয়ে নানারকম সভা-সমিতি হয়েছে, হবে। এসব কথা তোয়াক্কা না করে একদল নবীন চিরকাল থাকে, যারা প্রতিবাদে রাস্তায় নামতে ভয় পান না কিংবা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয় নিয়ে সোচ্চার হয়ে ওঠেন। ছেলেবেলায় আমরা শিখেছি, বিপদে যে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু। সেই কথার জলজ্যান্ত নিদর্শন হয়ে রইল সম্প্রতি একটি ঘটনা। বন্ধু ‘বিশেষভাবে সক্ষম’। নিজের হাতে খেতে পারে না। পাশে বসা ছেলেটি বেশিক্ষণ তা না দেখতে পেরে নিজে হাতে খাইয়ে দিচ্ছে বন্ধুকে। সেই ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
ফেসবুকের একজন ইউজার এটি পোস্ট করায় মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে পড়ে। শুভেচ্ছা বার্তা আর অসংখ্য অভিনন্দন-ভালোবাসায় ভরে ওঠে ফেসবুকের দেওয়াল। অনেকে লিখছেন, “ভালোবাসা মহান। ছেলেটি কত ভালো। ভগবান এই শিশুদের যেন দু’হাত ভরে আশীর্বাদ করেন।” এই ঘটনা প্রথমবার নয়। এর আগেও এমন দৃশ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। আমরা যেন এইভাবে আমাদের সমস্ত শিক্ষা দিয়ে মানুষকে জেতাতে শিখি। কারোর দুবর্লতা বা অক্ষমতার সুযোগ না নিয়ে আমরা যেন নিজের মতো করে তাদের পাশে দাঁড়াতে পারি। এই সততা, এই পাশে থাকাটাই সুন্দর পৃথিবীর সকাল আনবে একদিন।
