
বিশেষ অনুমতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন
উত্তর ২৪ পরগনার যেসব প্রত্যন্ত এলাকায় মোবাইল সংযোগ পাওয়া যায় না, সেখানে ভোটের তথ্য জানতে কাজে লাগানো হবে হ্যাম রেডিও। ভোট সংক্রান্ত নজরদারি চালানোর জন্য হ্যাম রেডিওকে বিশেষ অনুমতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
আগামী ৬ মে এবং ১৯ মে লোকসভা ভোট হবে উত্তর ২৪ পরগনার প্রত্যন্ত অঞ্চলগুলোতে। এই জায়গাগুলোর মধ্যে বেশ কিছু এলাকায় টেলি যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। ফলে মোবাইলের সংযোগ দূর অস্ত সেখানে। ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রশিক্ষিত কর্মীদের নিয়ে সেখানে ভোটের কাজে সহায়তা দেওয়ার কাজ করা হবে। তাঁদের সঙ্গে যৌথভাবে কাজ করবে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব। প্রতি ঘণ্টায় তাঁরা এই সব টেলি যোগাযোগহীন এলাকার ভোট সংক্রান্ত যাবতীয় তথ্য নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের কাছে পৌঁছে দেবে।
