
সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে সবকিছু চললে মোর্চার সঙ্গে আলোচনায় বসতে রাজি রাজ্যসরকার
শনিবার পাহাড়ে ৩ মোর্চা সমর্থকের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় বিমল গুরুং ও তাঁর স্ত্রী আশা গুরুং-এর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। যদিও মোর্চার দাবি, পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছিল ওই তিন সমর্থকের। এ-প্রসঙ্গে পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, আইন আইনের পথেই চলবে। চাইলে আদালতে যেতে পারে গোর্খা জনমুক্তি মোর্চা।
এদিকে, সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চাংলিং গোর্খাল্যান্ডের সমর্থনে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-কে। তিনি চিঠিতে লিখেছেন, মোর্চার অবরোধে বারবার বন্ধ হয়ে যাচ্ছে সিকিমের রাস্তা। দীর্ঘ ৩০ বছরের দাবি মেনে নিয়ে এবার গোর্খাল্যান্ডকে আলাদা রাজ্যের মর্যাদা দেওয়া উচিৎ বলে রাজনাথকে জানিয়েছেন তিনি।
একই সঙ্গে, শিলিগুড়ির সার্কিট হাউজে বুধবারের সর্বদলীয় বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে সবকিছু চললে রাজ্য সরকার মোর্চার সঙ্গে আলোচনায় বসতে রাজি। সিকিমের মুখ্যমন্ত্রীর সমালোচনাও করেন পার্থ। যদিও এদিনের বৈঠকে এনসিপি, বিএসপি ছাড়া আর কোনও দলই যোগ দেয়নি। অনুপস্থিত ছিলেন বেশিরভাগ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানও।
