দল-মত নির্বিশেষে রাজনৈতিক মহলের শ্রদ্ধা আদায় করেছিলেন দুঁদে সাংসদ গুরুদাস

তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী

প্রবীণ শ্রমিক নেতা গুরুদাস দাশগুপ্ত প্রয়াত। দক্ষ বাগ্মী হিসেবে তিনি বিখ্যাত হয়ে উঠেছিলেন।। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তিনি ছিলেন ৫ বারের সাংসদ।

ছাত্রজীবনেই তিনি সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। রাজ্যসভার সাংসদ হিসেবে সংসদে প্রবেশ করেন ১৯৮৫ সালে। পাঁশকুড়া এবং ঘাটাল থেকে জিতে লোকসভার সদস্য হয়েছিলেন। ২০০১ সালে সিপিআই-র শ্রমিক সংগঠন এআইটিইউসি-র সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন টুজি কেলেঙ্কারি নিয়ে তদন্তে যুগ্ম সংসদীয় কমিটির সদস্য ছিলেন তিনি। এই সিপিআই নেতা দল-মত নির্বিশেষে রাজনৈতিক মহলের শ্রদ্ধা আদায় করে নিয়েছিলেন।

আজ সকাল ৬টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৩ বছর। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। শ্বাসকষ্ট ছাড়াও হৃদযন্ত্র ও কিডনির সমস্যা ছিল তাঁর।

গুরুদাস দাশগুপ্তের মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোক প্রকাশ করেছেন। 
 

Developed by DXDasia