
দু’মাসের জন্য ভানুভবনে ঢোকা নিষিদ্ধ, বিপাকে গুরুঙ্গরা
সোমবার থেকে পাহাড়ে অনির্দিষ্টকালের জন্য সরকারি অফিস বনধের ডাক দিল মোর্চা। বনধ-এর আওতার বাইরে রাখা হয়েছে পরিবহণ, দোকানপাট, স্কুল ইত্যাদি। খোলা থাকবে বাজারও। এদিকে, পাহাড় সংক্রান্ত বিষয়ে কোনও সমঝোতা নয়। স্পষ্ট জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যনন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যার প্রশানসিক বৈঠকে আলোচনা হয় পাহাড়ের বর্তমান পরিস্থিতি নিয়ে। তার পরেই মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রের দাবি সত্ত্বেও জিটিএ নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের কোনও প্রশ্নই ওঠে না।
উত্তরকন্যার প্রশানসিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। আগামী ২ আগস্ট শেষ হচ্ছে জিটিএ-র মেয়াদ। তার আগেই ভোটের মাধ্যমে নতুন বোর্ড গঠন করতে হবে, জানান মমতা।
প্রসঙ্গত, জিটিএ-র হিসেবপত্র বিশেষ অডিটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বৃহস্পতিবারই। জিটিএ-র সদর দফতর ভানুভবনে। রাজনৈতি ভাবে ভানুভবনকে ব্যবহারের অভিযোগে, সরকারের তরফ থেকে দু’মাসের জন্য ভানুভবনে ঢোকা নিষিদ্ধ করে দেওয়ায় বিপাকে পড়লেন বিমল গুরুঙ্গও। এই ভবনে বসেই জিটিএ-র কাজকর্মের হিসেব খতিয়ে দেখবে রাজ্যের অডিট দল।
মুখ্যমন্ত্রী বলেন, ‘সরকারি টাকা নয়ছয় হয়েছে, প্রমাণিত হলে কেউ ছাড় পাবে না। কোনও অফিসার জড়িত থাকলে তাঁকেও ছাড়া হবে না।’ মোর্চার পক্ষ থেকে অবশ্য কোনও ধরনের টাকা নয় ছয়ের অভিযোগ অস্বীকার করা হয়েছে।
