
তৃণমূলের পথেই বয়কটে কংগ্রেস
মমতার পথ ধরে কংগ্রেসও মধ্যরাতে সেন্ট্রাল হলে জিএসটি অনুষ্ঠান বয়কট করছে। কংগ্রেসের এই সিদ্ধান্তের খবর জানিয়েছেন গুলামনবি আজাদ। তাঁর মতে শুধু মাত্র প্রচারের কথা মাথায় রেখেই বিজেপি সেন্ট্রাল হলের অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বলেছেন, নোট বাতিলের মতোই এবারও এই সরকার তাড়াহুড়ো করে জিএসটি চালু করতে চলেছে। মানুষের কষ্ট হবে। তিনি বলেন, ‘মানুষের হয়ে আমি কথা বলে যাব। সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে। আমরা ভয় পাই না’। বিজেপির নাম না করে পাহাড় প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘কাশ্মীর ঠিক করেত পারছ না, দার্জিলিঙে উঁকি ঝুঁকি মারছ’? তিনি মন্তব্য করেন, ‘সব দিতে রাজি আছি, কিন্তু বাংলা ভাগ মানব না’। বর্ধমানে প্রশাসনিক বৈঠকে বৃহস্পতিবার মমতা জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন কয়লা খাদান এলাকায় দুর্নীতি ঠেকাতে ওয়াচ টাওয়ার বসিয়ে নজরদারী বাড়াতে। তিনি বলেন, জল ধর জল ভর বা এই ধরনের জনকল্যানমূলক কাজকর্মে কোনও বাধা এলে কঠোর ভাবে তা মোকাবিলা করতে হবে।
