জিএসটি নিয়ে বিতর্কে বিগ-বি

অমিতাভকে কংগ্রেস নেতার আক্রমণ

জিএসটি-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে বিতর্কে জড়ালেন অমিতাভ বচ্চন। ৩০ জুন মধ্যরাত থেকে দেশজুড়ে চালু হতে চলেছে পণ্যপরিষেবা কর। সোমবার এই করব্যবস্থার সমর্থনে একটি ভিডিও প্রকাশ করে কেন্দ্র। তাতে দেখা যায় জিএসটির পক্ষে সদর্থক বক্তব্য রাখছেন বিগ-বি। বলছেন, ‘জাতীয় পতাকার তিন রঙের মতোই জিএসটি এক ঐক্যবদ্ধ প্রয়াস’। এই ভিডিও প্রকাশ হওয়ার পর থেকেই বিতর্ক সৃষ্টি হয়। কংগ্রেস নেতা সঞ্জয় নিরূপম বলেন, জিএসটি এখন যে অবস্থায় রয়েছে তা নিয়ে প্রচার করা উচিত নয়। ব্যবসায়ীদের একাংশের এই নতুন করব্যবস্থা নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে। এ নিয়ে বিক্ষোভও হতে পারে দেশ জুড়ে। ক্ষোভের মুখে পড়তে পারেন অমিতাভও। তাই এই বিজ্ঞাপন থেকে তাঁর সরে দাঁড়ানো উচিত।

বিগ-বি অবশ্য কংগ্রেস নেতার মন্তব্যের জবাবে ট্যুইট করেছেন। সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টমসকে উদ্দেশ্য করে লেখা ট্যুইটে তাঁর বক্তব্য, ‘জিএসটি কী, সেটা বুঝিয়ে বলতে আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তাই করেছি’।

Developed by DXDasia