
আজ মুখ্যমন্ত্রী বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে নজরুল মঞ্চ পর্যন্ত পদযাত্রা করবেন
পরিবেশ দূষণ রুখতে এবার ‘সবুজের অভিযান’ কর্মসূচি নিল রাজ্য সরকার। তারই অঙ্গ হিসেবে সমস্ত কলকাতায় আজ এক লক্ষ চারাগাছ রোপণ করা হবে। জেলাগুলিতেও চলবে বনসৃজনের নানা উদ্যোগ।
আজ বিকেল ৩টেয় ‘সবুজের অভিযান’ কর্মসূচির উদ্বোধন করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে নজরুল মঞ্চ পর্যন্ত পদযাত্রা করবেন তিনি। সেই পদযাত্রায় অংশ নেবেন মন্ত্রী, সাংসদ, বিধায়ক, কাউন্সিলাররা-সহ রাজ্যের সাধারণ মানুষও।
সারা পৃথিবীতেই দ্রুত নিঃশেষিত হয়ে যাচ্ছে সবুজ। তার সঙ্গে বাড়ছে পরিবেশ দূষণও। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার পরিবেশ রক্ষায় নানা পদক্ষেপ নিয়ে নজির সৃষ্টি করেছে। এর আগে রাজ্য সরকার ‘জল বাঁচাও দিবস’ পালন করেছিল ১২ জুলাই। প্রত্যেক বছর ওই দিনে জল সচেতনতা বাড়াতে রাজ্যজুড়েই নানা অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।
