এক ভারতীয় ‘বোকা বুড়ো’র গল্প

পাথুরে মাটি কেটে তৈরি করলেন পুকুর

মাও-সেতুঙ শুনিয়ে ছিলেন  ‘বোকা বুড়ো’র কাহিনি। যেখানে এক বৃদ্ধ চাষী বাড়িতে সূর্যের আলো ঢুকছে না বলে বাড়ির সামনে থাকা পাহাড় কাটতে শুরু করেন। প্রায় সেই রকমই মিল পাওয়া গেল ছত্তিসগড়ের শ্যাম লাল'র কাজে। ২৭ বছর ধরে একাই মাটি কেটে তৈরি করলেন বিশাল পুকুর। 

সারা বছরই জলের কষ্টে ভোগেন ছত্তিসগড়ের কোরিয়া জেলার সাজা এলাকার বাসিন্দারা। শুষ্ক এই পাহাড়ি গ্রামে উপযুক্ত জলাশয় ছিল না। গ্রামের মানুষ ও জীবজন্তুর এই জলাভাবই তাঁকে কুরে কুরে খেত। গ্রামবাসী এবং সরকারে কাছে সাহায্য চেয়েও ছিলেন। কিন্তু কেউই তাঁর কথা কানে তোলেনি। এমন অবস্থায় শ্যাম লাল গ্রামের একটি উপযুক্ত জায়গা নির্দিষ্ট করে একাই মাটি খুঁড়তে শুরু করেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৫। সকলে ছেলেবেলার বোকামি বলে হাসাহাসি করত। কিন্তু শ্যাম লাল সেই সব হাসি ঠাট্টাকে কানে না তুলে চালিয়ে গেছেন কাজ। ভেঙে পড়েননি কখনও। আজ তাঁর এই দীর্ঘ প্রচেষ্টায় হাসি ফুটেছে গ্রামবাসীদের মুখে। এখন তাঁর বয়স ৪২। তাঁর কাজকে সম্মান জানিয়েছে স্থানীয় প্রশাসনও। ইতিমধ্যেই মহেন্দ্রগড়ের বিধায়ক শ্যামবিহারী জয়সওয়াল নিজে গিয়ে শ্যাম লালের কাজ দেখে এসেছেন এবং তাঁর কাজের জন্য ১০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছেন। 

Developed by DXDasia